বিদ্যালয়ের জমিতে হাট মাঠে হাল চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দেওডোবা গ্রামে পাশাপাশি অবস্থিত দুটি বিদ্যালয়ের মাঠ দখলের পর চাষ করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এ কারণে ৭ এপ্রিল থেকে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি বন্ধ রয়েছে। মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, দেওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওডোবা তারকনাথ সরকার নিম্নমাধ্যমিক বিদ্যালয় চত্বরের জমিতে হাল চাষ করে পৃথক দুটি বাঁশের বেড়া দেওয়া রয়েছে।জানা গেছে, ১৮৫০ সালে স্থাপিত দেওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব ৮১ শতক জমির মধ্যে ৫৫ শতক জমি বিদ্যালয়ের দখলে রয়েছে। বিদ্যালয়টির দক্ষিণ পাশের অবশিষ্ট ২৬ শতক জমিতে ১৯৯১ সাল থেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা হাট বসিয়েছেন। হাট থেকে বিদ্যালয় কোনো অর্থ পায় না। এদিকে বিদ্যালয় মাঠের ২৬ শতক জমি স্থানীয় মৃত আব্বাস আলীর পরিবারের সদস্যরা নিজেদের দাবি করে ৬ এপ্রিল শুক্রবার হাল চাষ করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলেন। এ কারণে পরদিন শনিবার থেকে বিদ্যালয়টির চার শতাধিক শিক্ষার্থীর অ্যাসেম্বলি ও খেলাধুলা বন্ধ রয়েছে।একই অবস্থা পাশের দেওডোবা তারকনাথ সরকার নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম পাশে ওই একই পরিবারের লোকজন বিদ্যালয় মাঠের ১০ শতক জমিতে হাল চাষ করে বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে রেখেছেন। প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন জানান, বিদ্যালয়ের ২৬ শতক জমিতে হাট বসানো হলেও বিদ্যালয় সেখান থেকে কিছু পায় না।এদিকে ৭ এপ্রিল থেকে বিদ্যালয়ের মাঠ চাষাবাদ করায় অ্যাসেম্বলি হচ্ছে না, শিক্ষার্থীরা খেলতে পারছে না। আব্বাস আলী জীবদ্দশায় বিদ্যালয় চত্বরে অবস্থিত তাঁর ২৬ শতক জমি বিদ্যালয়ের মাঠ হিসেবে ব্যবহারের মৌখিক অনুমতি দিয়েছিলেন। প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র সরকার জানান, বিদ্যালয়ের এক একর ২০ শতক জমি একত্র করার জন্য স্কুলের বাইরে থাকা ১০ শতক জমি আব্বাস আলীর পরিবারের জমির সঙ্গে মৌখিকভাবে এওয়াজ বদল করা হয়েছিল। দীর্ঘদিন সমস্যা না হলেও সম্প্রতি বিদ্যালয়ের নৈশপ্রহরী নিয়োগকে কেন্দ্র করে ওই পরিবারের সদস্যরা স্কুলের মাঠের ২৬ শতক এবং এওয়াজ বদলের ১০ শতকসহ মোট ৩৬ শতক জমি চাষ করে ঘেরাও করে রেখেছেন।আব্বাস আলীর ছেলে মোহামঞ্চদ আমিন বলেন, ‘বিদ্যালয় দুটির জন্য আমাদের পরিবার অনেক কিছু করলেও বিদ্যালয়ের কমিটি আমার ভগ্নিপতিকে নৈশপ্রহরীর চাকরি না দিয়ে অন্যকে দেওয়ার চেষ্টা করছে। এ দুঃখে আমরা আমাদের জমিতে হাল চাষ করেছি।’ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হামিদ জানান, ৩ এপ্রিল নৈশপ্রহরীর নিয়োগ পরীক্ষা হলেও এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি।জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার জানান, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হবে। ইউএনও রেজাউল করিম বলেন, বিদ্যালয়ের জমিতে হাট বসানোর বিষয়টি খতিয়ে দেখা হবে।