বিদ্যালয়ের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমবায় সমিতির নামে বগুড়ার কাহালু উপজেলার নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। ওই সমিতির সভাপতি বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্যের আত্মীয় হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভয়ে জায়গা দখলকারীদের বিরুদ্ধে অভিযোগ করেননি।
নিয়ামতপুর সমবায় সমিতির সভাপতি আজাদুর রহমান বলেন, ‘আমাদের গ্রামের লোকজনের দেওয়া জায়গায় স্কুল। স্কুলের ক্ষতি করে ঘর নির্মাণ করা হচ্ছে না। স্কুলের প্রয়োজন হলে জায়গা ছেড়ে দেব।’
নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল বারী বলেন, বিদ্যালয়ের এক একর ১১ শতক জায়গা রয়েছে। এক পাশে বিদ্যালয়ের ভবন ও খেলার মাঠ। ওই গ্রামের নিয়ামতপুর সমবায় সমিতির সদস্যরা বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের তিন শতক পতিত জায়গা দখল করে সমিতির নামে ভবন নির্মাণের কাজ করছেন। এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে বিদ্যালয় চালাতে হয়। তাই জায়গা দখলের ব্যাপারে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠের পশ্চিমে রাস্তার পাশে প্রায় তিন শতক জায়গা দখল করে ভবন নির্মাণের কাজ চলছে।
স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, ওই সমিতির সভাপতি আজাদুর রহমান বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি আবদুল জলিলের ভাতিজা। এ কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর কোনো প্রতিবাদ করেননি এবং সংশ্লিষ্ট বিভাগে কোনো অভিযোগ দেননি।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি আবদুল জলিলের সঙ্গে চেষ্টা করেও কথা বলা যায়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তার পরও বিষয়টি খতিয়ে দেখছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা খাতুন বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ পাইনি। ওই স্কুলের প্রধান শিক্ষককে আমার কাছে অভিযোগ করতে বলুন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পাঠিয়ে দিয়ে কাজ বন্ধ করে দেব।’