বিদ্যালয়ের জায়গা দখলের ষড়যন্ত্রের প্রতিবােদ বিক্ষোভ
নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন ইউনিয়ন পরিষদ কার্যালয় ও বাজার জামে মসজিদের জায়গা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা।
গতকাল রোববার দুপুর সোয়া ১২টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালিত হয়। সমাবেশে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আবদুর রহমান, প্রধান শিক্ষক এ কে এম জাফর আহম্মদ পাটোয়ারী, বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আবদুর রব চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের একটি প্রতিনিধিদল অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে।
বক্তারা অভিযোগ করেন, কয়েক বছর ধরে স্থানীয় একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র ছাতারপাইয়া উচ্চবিদ্যালয়, খেলার মাঠ, বিদ্যালয়ের পুকুর, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও বাজার জামে মসজিদের ভূমি নিজেদের পৈতৃক সম্পত্তি দাবি করে দখলের ষড়যন্ত্র করে আসছে।