বিদ্যালয়ের জায়গায় সাংসদের নামে স্টেডিয়াম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার রেয়াজউদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় মাঠকে স্টেডিয়াম বানিয়ে নিজের নামে নামকরণ করেছেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এ বি এম গোলাম মোস্তফা। কুমিল্লা জেলা পরিষদ থেকে টাকা নিয়ে ওই স্টেডিয়াম নির্মাণ করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সাংসদ আড়াই বছর আগে ওই স্টেডিয়াম প্রতিষ্ঠা করেন। বর্তমানে এর নাম ‘দেবীদ্বার এ বি এম গোলাম মোস্তফা স্টেডিয়াম’।
কুমিল্লা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আ স ম মোসলেম বলেন, দেবীদ্বার উপজেলা স্টেডিয়াম গ্যালারি নির্মাণের জন্য সাড়ে ১৬ লাখ টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। এর মধ্যে ২০০৯-২০১০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (সাধারণ বরাদ্দ) আওতায় পাঁচ লাখ টাকা, একই অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (বিশেষ বরাদ্দ) আওতায় আরও পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১০-২০১১ অর্থবছরে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে আরও ছয় লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, স্টেডিয়ামের কাজ ২০১০ সালের ২৫ মে শুরু ও ২০১১ সালের ২০ এপ্রিল শেষ হয়। ওই দিনই কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাংসদ এ বি এম গোলাম মোস্তফা নিজেই এর উদ্বোধন করেন।
অভিযোগ রয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষের অনুুমোদন না নিয়েই সাংসদ নিজের নামে ওই স্টেডিয়ামের নামকরণ করেন।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির নেতারা ২০০৯ সালে ওই স্টেডিয়ামের নাম বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক বসন্ত কুমার দাসের নামে নামকরণ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। একই সঙ্গে তাঁর নামে একটি পাঠাগার করারও প্রস্তাব করেন। এরপর আর বিষয়টি এগোয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, স্টেডিয়ামের গ্যালারির ওপর সাংসদের নাম শোভা পাচ্ছে। গ্যালারিতে টিনের ছাউনি দেওয়া হয়েছে। গ্যালারিতে বেশ কয়েকজন তরুণ আড্ডা মারছেন।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘স্কুল কর্তৃপক্ষ নামকরণের ব্যাপারে কোনো অনুমোদন দেয়নি। আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।’
জানতে চাইলে সাংসদ এ বি এম গোলাম মোস্তফা বলেন, ‘এলাকার মানুষ ভালোবেসে আমার নামে ওই স্টেডিয়ামের নামকরণ করেছে।’
১৯১৮ সালে ৬ দশমিক ৩৭ একর জায়গা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের প্রয়াত নবাব স্যার কাজী গোলাম মহিউদ্দিন ফারুকী ওই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের লাগোয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলা সদরের পাশেই ওই মাঠ অবস্থিত। ওই মাঠেই দেবীদ্বারের সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।