বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করলেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা উচ্চবিদ্যালয়ের ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।এই দুই নেতা হলেন ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রহমান এবং তাঁর আস্থাভাজন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর জুলফিকার আলী চৌধুরী।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৫ ডিসেম্বর খলিলুর রহমান ইটাখোলা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নেন। একই সঙ্গে জুলফিকার আলী চৌধুরীকে অভিভাবক সদস্য মনোনীত করেন। ওই সময়ে বিদ্যালয়ে জুলফিকার আলীর কোনো সন্তান পড়াশোনা না করলেও কাগজে-কলমে তা ঠিকই দেখানো হয়। নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর তাঁরা বিদ্যালয়ের ৪২ বিঘা কৃষিজমি ইজারা দিয়ে দুই বছরে বিদ্যালয়ের তহবিলে ছয় লাখ টাকা জমা দিয়েছেন। বর্তমানে এ এলাকায় প্রতি বিঘা জমির বার্ষিক ইজারা-মূল্য ১৬ হাজার টাকার মতো। এ হিসাবে দুই বছরে ইজারা-মূল্য থেকে আয় হয়েছে প্রায় ১২ লাখ ৪৪ হাজার টাকা।এ ছাড়া বিদ্যালয়সংলগ্ন ৭৩ শতাংশের একটি পুকুরে স্থানীয় ব্যবসায়ী রুহুল আমিন মিয়া দুই বছর ধরে মাছ চাষ করলেও বিদ্যালয় তহবিলে কোনো টাকা জমা দেননি। অথচ পুকুরটির বছরে ইজারা-মূল্য প্রায় এক লাখ টাকা।রুহুল আমিন বলেন, ‘আমি নই, ওই পুকুরে মাছ চাষ করেন সদস্য জুলফিকার আলী চৌধুরী।’ জুলফিকার আলী চৌধুরী বলেন, ‘পুকুর ইজারার টাকা দেওয়া না-দেওয়ার বিষয়ে সভাপতি জানেন। অন্য কারও জানার কথা নয়।’এদিকে গত অর্থবছরে দলীয় প্রভাব খাটিয়ে সভাপতি খলিলুর রহমান বিদ্যালয়ের নামে ৯০ হাজার টাকার টেস্ট রিলিফ বরাদ্দ নেন। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক এমদাদুল হক জানান, ওই টাকা দিয়ে এক বান্ডিল টিন কিনে দিয়েছেন সভাপতি। ওই এক বান্ডিল টিনের বর্তমান বাজারমূল্য তিন হাজার টাকা।খলিলুর রহমান বলেন, ‘আমি নিয়মমাফিক বিদ্যালয় পরিচালনা করছি। বিগত মেয়র নির্বাচনে পরাজিত হওয়ার পর আমার রাজনৈতিক সুনাম নষ্ট করার উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন এসব বিশৃঙ্খলা করছে।’বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শামীম ইসলাম বলেন, বিদ্যালয়ের জমি ও পুকুর ইজারা দেওয়ার কোনো আলোচনা বা সিদ্ধান্ত সভার মাধ্যমে নেওয়া হয় না। সভাপতি ও প্রভাবশালী ওই সদস্যের সিদ্ধান্তেই যাবতীয় আর্থিক কার্যাদি সম্পন্ন হয়। কমিটির শিক্ষক প্রতিনিধি আবদুল লতিফ বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির কোনো সভা অনুষ্ঠিত হয় না। বাইরে সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেওয়া হয়। ফলে ন্যায়-অন্যায় বলার কোনো সুযোগ নেই। প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, ‘এটা কমিটি পরিচালিত প্রতিষ্ঠান। আমার করার কিছুই নেই, আমি নিরুপায় ও অসহায়।’