বিদ্যালয়ের টুঁটি চেপে ধরে উঠছে চিকিৎসাকেন্দ্র
রংপুরের কাউনিয়া উপজেলার দরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে একটি বেসরকারি হোমিওপ্যাথি চিকিৎসাকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এতে শিশুদের খেলাধুলার জায়গা তেমন আর থাকছে না। বিদ্যালয় ভবনটিও নির্মাণাধীন ভবনের পেছনে ঢাকা পড়ে যাচ্ছে।
বিদ্যালয় ও জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় বেসরকারি উদ্যোগে দুই একর ৮৮ শতাংশ জমিতে দরদি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এর মধ্যে ১৯৭২ সালে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য সরকারকে ৩৩ শতাংশ জমি দান করে। সেই জায়গায় গড়ে তোলা হয় দরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম দিকে বিদ্যালয়ে তিন কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করে বাকি জায়গা শিশুদের খেলাধুলার জন্য রাখা হয়। পরে একসময় সেই মাঠে একটি টিনের ঘর বানিয়ে হোমিওপ্যাথি চিকিৎসাকেন্দ্র খোলেন স্থানীয় শাহ আলম (সাবেক সাংসদ)। তবে শিক্ষার্থীদের স্থানসংকুলান না হওয়ায় গত বছর সেখানে আরেকটি তিন কক্ষের ভবন নির্মাণ করা হয়। এতে মাঠটি আরও ছোট হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের নবনির্মিত ভবনের সামনে আড়াই থেকে তিন ফুট দূরত্বে হোমিওপ্যাথি চিকিৎসাকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গত বৃহস্পতিবার নির্মাণকাজ শুরু হয়। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কাউনিয়া উপজেলার জাতীয় পার্টির সাবেক সাংসদ শাহ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম এবং হারাগাছ পৌরসভার মেয়র সাদাকাত হোসেন। তিনজনই ভবন নির্মাণের উদ্যোক্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বলেন, চিকিৎসাসেবা দেওয়ার নামে ভবন নির্মাণ করে বিদ্যালয়ের শিশুদের খেলাধুলা ও শ্রেণীকক্ষের আলো-বাতাস বন্ধ করাটা কাম্য হতে পারে না।
এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক শমসের আলী বেঙ্গল বলেন, অন্য কোনো স্থানেও চিকিৎসাকেন্দ্র নির্মাণ করা যেত। বিষয়টি সরকারের খতিয়ে দেখা উচিত।
দরদি উচ্চবিদ্যালয়ের সাবেক ছাত্র মোফাখখারুল ইসলাম, সামিউল আলম, শাহ জালাল আহমেদ জানান, প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন দরদি উচ্চবিদ্যালয়ের অনেক খোলা জায়গা আছে। কিন্তু একেবারে প্রাথমিক বিদ্যালয়ের সামনেই এমন একটি ভবন নির্মাণ করা হচ্ছে, যা সবাইকে হতবাক করেছে।
দরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুর রহমান বলেন, ‘ওনারা (ভবন নির্মাণের উদ্যোক্তারা) এলাকার বিশিষ্ট ব্যক্তি। ওনাদের ওপর কিছু কথা বলা আমার পক্ষে সম্ভব নয়।’
ভবন নির্মাণের অন্যতম উদ্যোক্তা সাবেক সাংসদ শাহ আলম বলেন, এই স্থানে আগে টিনশেডের একটি হোমিওপ্যাথি চিকিৎসাকেন্দ্র ছিল। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই জায়গা দিয়েছে দরদি উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে দরদি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম সরদার কথা বলতে রাজি হননি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, এই হাসপাতালটি হলে সবার সুবিধা হবে। তা ছাড়া পড়াশোনার তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
হারাগাছ পৌরসভার মেয়র সাদাকাত হোসেন বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা ভবন করার জন্য অনেক দিন ধরে চেষ্টা চলছিল। দরদি উচ্চবিদ্যালয়ের জায়গায় এটি হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘ওই জায়গার মালিকানা দরদি উচ্চবিদ্যালয়ের নয়, দরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আর সেখানে চিকিৎসাকেন্দ্র নির্মাণের জন্য আমাদের কোনো অনুমতিও নেওয়া হয়নি।’