বিদ্যালয়ের দুই শিক্ষককে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী নির্যাতনের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধুল্যা বিএম বিদ্যালয়ের দুই শিক্ষককে তলব করেছেন হাইকোর্ট। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. শাজাহান ও ক্রীড়া শিক্ষক মো. সালাউদ্দিনকে ২২ মার্চ আদালতে হাজির হতে বলা হয়েছে। এ ছাড়া নির্যাতনের শিকার শিক্ষার্থী জুলহাসের চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদন এ সময়ের মধ্যে আদালতে দাখিল করতে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানকে বলা হয়েছে।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। পাশাপাশি হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুলও জারি করেন।‘শিক্ষকের প্রহারে ছাত্র হাসপাতালে’ শিরোনামে ১৫ মার্চ প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এটি গতকাল আদালতের নজরে আনেন আইনজীবী ফাতেমা এস চৌধুরী। শুনানিতে তিনি বলেন, ২০১০ সালের ৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করা হয়। আদালতে উপস্থিত রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজাও মতামত দেন। পরে মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, জুলহাস নামের শিক্ষার্থীকে নির্যাতনের বিষয়ে ব্যাখ্যা জানাতে ২২ মার্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষককে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। আইনজীবী ফাতেমা এস চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই নির্যাতনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে।