বিদ্যালয়ের নাম থেকে মউজদীন বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের ‘মমিনুল মউজদীন আদর্শ শিশু শিক্ষা নিকেতন’-এর নাম থেকে মমিনুল মউজদীন মুছে ফেলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার শহরে মানববন্ধন হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়ে নাম বহাল রাখার দাবি জানান। বিদ্যালয়ের নতুন সাইনবোর্ড গত শুক্রবার রাতে টানানো হয়। এর আগে বিদ্যালয়ের প্রশ্ন ও খাতাপত্র থেকে নাম বাদ দেওয়া হয়। শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ‘কবি মমিনুল মউজদীন স্মৃতি সংসদ’ আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও স্মৃতি সংসদের আহ্বায়ক হুমায়ুন কবীর জাহানুর, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান প্রমুখ।সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল পৌর পরিষদের সিদ্ধান্তে এই নাম পরিবর্তন করা হয়েছে বলে দাবি করলেও গতকাল মানববন্ধনে উপস্থিত থেকে পৌরসভার আটজন কাউন্সিলর জানান, পরিষদে এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। মেয়র একক সিদ্ধান্তেই প্রতিহিংসা থেকে এই নাম পরিবর্তন করেছেন।মমিনুল মউজদীন সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান থাকা অবস্থায় ২০০৭ সালের ১৫ নভেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপর তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পৌরসভার এই প্রতিষ্ঠান মমিনুল মউজদীনের নামে করার সিদ্ধান্ত নেয় পৌর পরিষদ ও বিদ্যালয় পরিচালনা কমিটি। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৫ জানুয়ারি প্রাথমিক শিক্ষা, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক আদেশে এই নামকরণ করা হয়। হুমায়ুন কবীর জাহানুর জানান, বিদ্যালয়ের নামকরণ একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। কিন্তু যে কেউ ইচ্ছা করলেই তা বাদ দিতে পারেন না।