বিদ্যালয়ের নির্ধারিত পোশাক না পরায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে না আসায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক সদস্য নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কিল-ঘুষি মেরে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা গৌড়স্থান উচ্চবিদ্যালয়ে আজ সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সদস্য সাইদুল আলম বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরিধান না করে বিদ্যালয়ে আসার কারণ জিজ্ঞেস করেন। প্রশ্নের জবার দেওয়ার সঙ্গে সঙ্গেই সাইদুল তাকে প্রথমে কিল-ঘুষি মারেন এবং পরে বিদ্যালয়ের শৌচাগারে আটকে রাখেন। সেখানেও ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়লে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালটির চিকিৎসক বদিউজ্জামান সুমন বলেন, ওই শিক্ষার্থীর মূত্রথলিতে আঘাত লেগেছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও সাময়িকভাবে ওই শিক্ষার্থীটি কষ্ট পাবে।
ওই শিক্ষার্থীর মা বলেন, তিনি মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে লেখাপড়া শেখাচ্ছেন। তাঁর ছেলেকে এভাবে মেরে আহত করার বিচার চান তিনি।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম খান বলেন, ওই ঘটনার সময় তিনি শ্রেণিকক্ষে ছিলেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যান।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রিজিয়া রেজা চৌধুরী বলেন, অভিযুক্ত সদস্য সাইদুল আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান বলেন, ছাত্রটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত সাইদুলের মোবাইলে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।