বিদ্যালয়ের নির্বাচন নিয়ে সংঘর্ষ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচন ছিল। নির্বাচনে নাসিম মাহমুদ পক্ষ ও মাসুদ পক্ষের ১১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিকেল চারটার দিকে ভোট গণনা শেষে নাসিম পক্ষ পাঁচটি পদেই নির্বাচিত হয়। ফলাফল ঘোষণার পর মাসুদ পক্ষের সদস্যরা ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবি জানান। প্রিসাইডিং ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার তাদের দাবি নাকচ করলে বিক্ষুব্ধরা তাকেসহ নিয়োজিত পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে। অন্যদিকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় দেড় ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম ও ভেড়ামারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আট রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও শিক্ষা কর্মকর্তাকে উদ্ধার করে। নির্বাচনের ফলাফল বহাল রাখা হয়েছে।