বিদ্যালয়ের পথ বন্ধ করে আ.লীগ নেতার মার্কেট!
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরউভূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ করে দিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম মার্কেট নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির উদ্দিন মাহমুদ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন।লিখিত অভিযোগে জানা যায়, ১৭ জানুয়ারি গভীর রাতে সদর উপজেলার চরউভূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলাচলের জন্য একমাত্র রাস্তা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেড়া দিয়ে বন্ধ করে মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। পরদিন বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় এলাকাবাসীকে বিষয়টি অবহিত করলে বিক্ষুব্ধ জনতা মার্কেটের কিছু অংশ ভেঙে দেয়।অভিযোগ পেয়ে গত বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে একমাত্র প্রবেশপথটি বন্ধ করে নুরুল ইসলাম মার্কেট নির্মাণ শুরু করেছেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির উদ্দিন মাহমুদ জানান, নুরুল ইসলাম ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের প্রবেশমুখ বন্ধ করে মার্কেট নির্মাণের কাজ শুরু করেছেন। তাঁকে নিষেধ করার পরও কাজ অব্যাহত রেখেছেন।এ ঘটনায় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানানো হয়েছে।তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী নুরুল ইসলামের এই কর্মকাণ্ডে নিন্দা জানান। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জগদীশ চন্দ্র দেবনাথ লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।অভিযোগের ব্যাপারে নুরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের প্রবেশপথটি পানি উন্নয়ন বোর্ডের জায়গা। মার্কেট নির্মাণ করে আমি জায়গাটি রক্ষা করেছি, নয়তো জায়গাটা দখল করত অন্যরা।’