বিদ্যালয়ের পথে শেষযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়া হলো না তানিমুল আহমেদ তুহিনের। রেললাইনের ওপর পড়ে ছিল নিথর দেহ। পাশে পড়ে ছিল রক্তে ভেজা বই-খাতা, জুতা। গতকাল শনিবার সকালে লাকসাম-নোয়াখালী রেলপথে একটি ডেমু ট্রেন কেড়ে নেয় তানিমুলের প্রাণ।

তানিমুল লাকসাম পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তার বাড়ি পৌর শহরের নশরতপুর গ্রামে। বাবা মতিউর রহমান লাকসাম দৌলতগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ডেমু ট্রেন লাকসাম থেকে নোয়াখালী যাচ্ছিল। গতকাল সকাল সোয়া আটটার দিকে দৌলতগঞ্জ বাজার লেভেল ক্রসিংয়ের প্রায় ৪০০ ফুট উত্তরে ট্রেনটি বালুভর্তি একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। একপর্যায়ে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি লাকসাম জংশনে ফিরছিল। সকাল পৌনে ১০টার দিকে পৌরসভা কার্যালয়ের পাশে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তানিমুল প্রাণ হারায়।

এ ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা এবং পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে। এ সময় ট্রেনের চালক পালিয়ে যান। পরে লাকসাম ও রেলওয়ে থানার পুলিশ এবং স্থানীয় নেতারা ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বেলা ১১টায় নিহত ছাত্রের বাড়ি গিয়ে দেখা যায়, তার মা নাছরিন বেগম বুক চাপড়ে বিলাপ করছেন। বাবা মতিউর রহমান অনেকটা বাক্রুদ্ধ।

গতকাল বিকেলে জানাজা শেষে ওই ছাত্রের মরদেহ পৌর শহরের নশরতপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। লাকসাম রেলওয়ে জংশনে স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, ট্রেন-ট্রাক্টরের সংঘর্ষে ডেমু ট্রেনের চারটি দরজা ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।