বিদ্যালয়ের পাশে তামাকচুল্লি করলে কঠোর ব্যবস্থা!
খাগড়াছড়ির দীঘিনালায় চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকচুল্লি স্থাপন করলে স্থাপনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে কয়েক বছর ধরে গড়ে ওঠা তামাকচুল্লির তামাক শোধনের সময় ধোঁয়ার কারণে শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ার আশঙ্কা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা তামাকচুল্লির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলাবিষয়ক সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে গড়ে ওঠা তামাকচুল্লির কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি আলোচনা করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গত বছর শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে গড়ে ওঠা পাঁচটি তামাকচুল্লি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করা হয়েছে। এ বছর আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকচুল্লি স্থাপন করা হলে চুল্লি স্থাপনকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সরেজমিনে কবাখালীর হাচিনসনপুর এলাকা ঘুরে দেখা যায়, হাচিনসনপুর উচ্চবিদ্যালয় ও হাচিনসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে ৮ থেকে ১০টি তামাকচুল্লি রয়েছে। গত বছর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি তামাকচুল্লি বন্ধ করে দিয়েছিল প্রশাসন। পরে আবার গোপনে চুল্লিগুলোতে তামাক শোধন করা হয় বলে অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া বলেন, তামাক শোধনের মৌসুমে যখন চুল্লিগুলোতে তামাক শোধন করা হয়, তখন বিদ্যালয়ে আর থাকা যায় না। শিক্ষক, শিক্ষার্থী সবার কাশি হয়ে যায়, নাক-মুখ জ্বালা করে।
কবাখালী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আবদুর রহমান বলেন, ‘আমার শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে কয়েকটি চুল্লি আছে। তামাক শোধনের সময় শিশুদের কাশির সমস্যা হয়।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ও ১০০ গজের মধ্যে তামাকচুল্লি গড়ে না তোলার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছি। এর পরও যদি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে কেউ তামাকচুল্লি গড়ে তোলেন, অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠার তামাকচুল্লির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের সত্যতা স্বীকার করে বলেন, গত বছর পাঁচটি তামাকচুল্লি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে সতর্ক করেছিলাম। এ বছর যদি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকচুল্লি গড়ে কেউ তোলে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। তামাকচুল্লি প্রতিষ্ঠাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।