বিদ্যালয়ের পাশে পশু জবাই দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী উচ্চবিদ্যালয়ের পাশেই পশু জবাই করা হচ্ছে। ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
অষ্টম শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম বলল, ‘দুর্গন্ধের কারণে স্কুলে আসতে মন চায় না। নাক চেপে ধরে শ্রেণিকক্ষে ঢুকলেও নিঃশ্বাস নেওয়া যায় না, বমি হয়।’
উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে ইকরচালী বাজারের পাশেই ১৯৬২ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। এখানে ৫৮০ জন শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক-শিক্ষিকা আছেন।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের পশ্চিম পাশে ৪০ গজ দূরে বাজারের মাংসের দোকান (শেড)। সেখানে খোলা জায়গায় ১৭টি গরু ও নয়টি ছাগল জবাই করা হয়েছে। জবাইকৃত এসব পশুর রক্ত-বর্জ্য মাটিচাপা দেওয়ার নিয়ম থাকলেও তা না মেনেই বিদ্যালয়ের পাশে ফেলা হচ্ছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে, সাত মাস ধরে বিদ্যালয়ের পাশে রক্ত-বর্জ্যের দুর্গন্ধে তারা প্রায়ই বমি করে। শ্রেণিকক্ষে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। নাক চেপে ধরে তাদের পাঠ নিতে হচ্ছে।
প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, আগে ইকরচালী কৃষি বাজারের কাছে পশু জবাই করে মাংস এনে বিক্রি করা হতো। কিন্তু সাত মাস ধরে মাংস শেডের কাছেই পশু জবাই করা হচ্ছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহাবুব হাসান ও মহুবার হোসেন জানান, এসব বন্ধ করতে মাংসবিক্রেতাদের দুই মাস আগে বলা হয়েছিল। কিন্তু তাঁরা তা শোনেননি। ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। তিনিও কোনো ব্যবস্থা নেননি।
তবে ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন বলেন, ‘এক মাস আগে বিদ্যালয়ের পাশে পশু জবাই না করতে মাংসবিক্রেতাদের বলেছিলাম। কেন এখনো ওই স্থানে পশু জবাই করছে, তা খোঁজ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে অনুরোধ করব।’
এদিকে একাধিক মাংসবিক্রেতা জানান, জায়গা না পেয়ে বাধ্য হয়েই তাঁরা বিদ্যালয়ের পাশে পশু জবাই করছেন। এ জন্য নির্দিষ্ট জায়গা দেওয়া হলে এমন সমস্যা আর হবে না।
হাটের ইজারাদার জয়নাল আবেদীন বলেন, মাংসবিক্রেতাদের তো ইকরচালী কৃষি বাজারে পশু জবাই করতে বলা হয়েছে। কিন্তু মাংস শেড থেকে তা এক কিলোমিটার দূর হওয়ায় তাঁরা বিদ্যালয়ের পাশেই পশু জবাই করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।