বিদ্যালয়ের পাশে পশু জবাই বন্ধের নির্দেশ ইউএনওর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী উচ্চবিদ্যালয়ের পাশে পশু জবাই বন্ধ ও বর্জ্য পরিষ্কার করতে মাংস বিক্রেতাদের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গতকাল শনিবার ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভের পর ইউএনও ওই নির্দেশ দেন।
এলাকাবাসী ও ইকরচালী উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে ইকরচালী বাজারের পাশেই বিদ্যালয়টির অবস্থান। বিদ্যালয়ে ৫৮০ জন শিক্ষার্থীকে ২০ জন শিক্ষক পাঠদান করেন। আর বিদ্যালয়ের মাত্র ৪০ গজ দূরেই (মাংস শেডে) পশু জবাই করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, গতকাল বেলা ১১টার দিকে শ্রেণিকক্ষে দুর্গন্ধে সপ্তম ও অষ্টম শ্রেণির আটজন শিক্ষার্থী বমি করে অসুস্থ হয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে তারা ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগ দেয় এবং বিদ্যালয়ের পাশে পশু জবাই বন্ধের দাবি জানায়।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, পশুর রক্ত ও বর্জ্য বিদ্যালয়ের পাশে ফেলায় দুর্গন্ধে তারা প্রায়ই বমি করে। তারা শ্রেণিকক্ষে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। তাই তারা ক্লাস বর্জন করে মিছিল করেছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহাবুব হাসান জানান, পশু জবাই ও রক্ত-বর্জ্য বিদ্যালয়ের পাশে ফেলতে মাংস বিক্রেতাদের দুই মাস আগে নিষেধ করা হয়েছিল। কিন্তু তাঁরা তা শোনেননি।
এ ব্যাপারে মাংস বিক্রেতা হামিদুল হক ও শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের জায়গা দেওয়া হলে বিদ্যালয়ের পাশে আমরা পশু জবাই ও রক্ত-বর্জ্য ফেলব না।’
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইকরচালী ইউপির চেয়ারম্যান মোবারক হোসেন জানান, বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।
ইউএনও গোলাম মওলা জানান, পশু জবাই বন্ধ ও বিদ্যালয়ের পাশ থেকে ময়লা পরিষ্কার করতে মাংস বিক্রেতাদের গতকাল ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।