বিদ্যালয়ের পাশে মুরগির খামার, পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ডারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মুরগির খামার গড়ে তোলায় পাঠদান ব্যাহত হচ্ছে। খামারের ব্রয়লার মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে৷
এলাকার অনেকে ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে ২০৪ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক আছেন। বছর খানেক আগে বিদ্যালয় থেকে ২০-২৫ গজ দূরে ডারারপাড় গ্রামের বাসিন্দা তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী মিলন রহমান প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচাির নামের একটি মুরগির খামার গড়ে েতালেন৷
ডারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধে তাদের প্রায়ই বমি আসে। মাঝেমধ্যে কেউ কেউ বমিও করে৷ দুর্গন্ধের জন্য তারা শ্রেণিকক্ষেও ঠিকমতো পড়াশোনা করতে পারে না। নাক চেপে ধরে তাদের ক্লাস করতে হচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামিমা আক্তার জানান, খামারের দুর্গন্ধের জন্য ঠিকমতো শিক্ষার্থীদের পাঠদান করানো যাচ্ছে না। প্রধান শিক্ষিকা আমেনা বেগম বলেন, ‘বিদ্যালয়ের জমিদাতা অহিদুল হকের ভাতিজা কাজী মিলন রহমান ওই খামার গড়ে তুলেছেন। তাঁকে খামার সরাতে বললে তিনি শোনেন না, আমাদের সঙ্গে ঝগড়া করেন।’
এ ব্যাপারে মুঠোফোনে কাজী মিলন রহমান বলেন, ‘আমার বাবা-চাচার জমিতে ওই বিদ্যালয় গড়ে উঠেছে। আমি নিজের জমিতে মুরগির খামার গড়ে তুলেছি। অন্যের সুবিধার জন্য তো মুরগির খামার বন্ধ করে দিয়ে পথে বসতে পারি না।’
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক বলেন, ‘পাঁচ মাস আগে বিদ্যালয়েটি পরির্দশনে গিয়ে আমি মুরগির খামার বিদ্যালয়ের সামনে থেকে সরানোর জন্য কাজী মিলন রহমানকে বলেছিলাম। তিনি কথাও দিয়েছিলেন। কেন এখনো সরানো হয়নি? তা খোঁজ নিয়ে দেখব৷’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মওলা প্রথম আলোকে জানান, খোঁজ নিয়ে শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।