বিদ্যালয়ের পাশে যাত্রা ও জুয়া!
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর রেবতী মোহন উচ্চবিদ্যালয়ের পাশে একটি মাঠে ১ মার্চ থেকে যাত্রা চলছে। যাত্রা প্যান্ডেলের ভেতরে ও বাইরে তিনটি স্থানে চলেছে জুয়ার আসর ও লাকি কুপন ড্র। এতে ওই বিদ্যালয়সহ এলাকার শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা এসবের আয়োজক। স্থানীয় ও জেলা প্রশাসন সূত্র জানায়, যাত্রা প্যান্ডেলের ভেতরে একটি ও বাইরে দুটি স্থানে জুয়ার আসর বসানো হয়েছে। মাঠে প্রতিদিন লাকি কুপন ড্র চলছে। যাত্রাপালা ও লাকি কুপনের প্রচারণার জন্য জেলার বিভিন্ন স্থানে ৫০টি মাইক ব্যবহার করা হচ্ছে। যাত্রাপালার বাদ্যযন্ত্র ও মাইকের শব্দে এলাকার শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। মাসব্যাপী এ যাত্রা পরিচালনার জন্য গঠিত ৩০ সদস্যের কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হক সরদার ও সম্পাদক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুস ছালাম। যাত্রাপালার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে ভেদরগঞ্জ থানার পাঁচ সদস্যের একটি পুলিশ দল। তাদের উপস্থিতিতেই চলছে জুয়া ও লাকি কুপন ড্র।রামভদ্রপুর রেবতী মোহন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জান শরীফ সরদার বলেন, যাত্রা প্যান্ডেলটি বিদ্যালয়ের পাশে হওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এলাকার এসএসসি পরীক্ষার্থীদের। অনেক অভিভাবক ও শিক্ষার্থী যাত্রাপালা বন্ধ রাখার অনুরোধ করেছিল; কিন্তু কোনো লাভ হয়নি। যাত্রা প্যান্ডেলে জুয়ার আসর বসায় এলাকার বখাটে ছেলেরা বেপরোয়া হয়ে উঠেছে। রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও যাত্রাপালা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হক সরদার বলেন, এলাকার দলীয় নেতা-কর্মীদের অনুরোধে যাত্রাপালার আয়োজন করা হয়েছে। এখান থেকে যে অর্থ আয় হবে, তা দলীয় কাজে ব্যয় করা হবে। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও যাত্রাপালা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আবদুস ছালাম বলেন, যাত্রাপালার খরচ মেটানোর জন্য জুয়ার আসর বসানো হয়েছে।ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম পুলিশের উপস্থিতিতে সেখানে জুয়ার আসর বসার কথা অস্বীকার করেছেন। জেলা প্রশাসক আনিছুর রহমান জানান, রামভদ্রপুরে যাত্রাপালার বাইরে অন্য কিছু থাকলে তা আমরা বন্ধ করে দেব।