বিদ্যালয়ের পিয়ন মাদ্রাসার সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিয়ন পদে চাকরি করেন ওয়াহেদুজ্জামান প্রামাণিক। কর্মস্থল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ চরকেরহাট বালিকা উচ্চবিদ্যালয়। একই সঙ্গে তিনি ঘাঘোয়া মিজানুর রহমান দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা। তাই গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলামের সুপারিশে ওই মাদ্রাসার সভাপতি নিযুক্ত হন।
সাংসদ মনজুরুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানপ্রধানের সঙ্গে পরিচালনা কমিটির সভাপতির দ্বন্দ্ব থাকলে উন্নয়ন হয় না। তাই আমি প্রতিষ্ঠানপ্রধানের সঙ্গে আলোচনা করে সভাপতির জন্য সুপারিশ করি। ঘাঘোয়া দাখিল মাদ্রাসার ক্ষেত্রেও সুপারের অনুরোধে ওয়াহেদুজ্জামানকে সুপারিশ করায় তিনি সভাপতি মনোনীত হয়েছেন। এ ছাড়া তিনি আমার দলের লোক। এসব কাজে কোনো যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না।’
মাদ্রাসার সুপার ইদ্রিস আলী মুঠোফোনে বলেন, দুই মাস আগে নিয়মিত কমিটি করা হয়েছিল। কিন্তু সাংসদের চিঠি পাওয়ার পর তা বাতিল করা হয়। সাংসদের চিঠিকে সম্মান দেখিয়ে ওয়াহেদুজ্জামানকে সভাপতি মেনে নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মাদ্রাসার একজন শিক্ষক বলেন, একজন পিয়নকে সভাপতি করার ক্ষেত্রে সাংসদের দায়িত্বশীল হওয়া উচিত ছিল। কারণ, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাঁরা শিক্ষকতা করেন তাঁদের বেশির ভাগই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস। তাই সামাজিক মর্যাদাসম্পন্ন ব্যক্তি এসব প্রতিষ্ঠানের সভাপতি হওয়া দরকার। কিন্তু বিষয়টি নিয়ে তাঁরা বিব্রত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ মন্ডল বলেন, এটা প্রতিষ্ঠানপ্রধানের বিষয়। প্রতিষ্ঠান মেনে নিলে তাঁদের করার কিছু নেই।
মুঠোফোনে যোগাযোগ করা হলে ওয়াহেদুজ্জামান প্রামাণিক দাবি করেন, ‘আমি পিয়ন হিসেবে সভাপতি হইনি। হয়েছি দলীয় লোক হিসেবে। যেহেতু আমি ঘাঘোয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাই দলীয় সাংসদের সুপারিশে সভাপতির দায়িত্ব নিয়েছি। এই দায়িত্ব পালনের পাশাপাশি বিদ্যালয়ের কাজও নিয়মিত করছি। এতে সমস্যা কী।’
জানতে চাইলে চাচিয়া মীরগঞ্জ চরকেরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এক প্রতিষ্ঠানের পিয়ন আরেক প্রতিষ্ঠানের সভাপতি শুনে মানুষ আলোচনা করে। তবে ওয়াহেদুজ্জামান বিদ্যালয়ে নিয়মিত কাজ করেন বলে দাবি করেন তিনি।