বিদ্যালয়ের পুকুর ভরাট করে বিপণিবিতান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা পৌর এলাকায় খোকসা-জানিপুর বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের একটি পুকুর ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি ভরাটের পর সেখানে একটি বিপণিবিতান নির্মাণ করা হবে বলে এলাকাবাসী জানালেও বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধান শিক্ষকের অনুসারী শিক্ষকদের উদ্যোগে মাস খানেক আগে পুকুর ভরাটের আয়োজন শুরু হয়। গত মঙ্গলবার বিকেলে পৌর এলাকার সচেতন মহল ও স্থানীয় যুব সংঘের সদস্যরা বিদ্যালয়ের পুকুর ভরাট ও খেলার মাঠে বিপণিবিতান নির্মাণের প্রতিবাদে ওই মাঠে মানববন্ধন করেছেন। মানববন্ধনে খোকসা যুব সংঘের সাধারণ সম্পাদক নাফিজ আহমেঞ্চদ বলেন, বিপণিবিতান গড়ে উঠলে মাঠের সৌন্দর্য নষ্ট হবে।নাম প্রকাশে অনিচ্ছুক খোকসা পৌর এলাকার একজন প্রবীণ বলেন, শত বছরের পুরোনো এ পুকুরে এলাকাবাসী গোসল, কাপড়চোপড় ধোয়াসহ বিভিন্ন কাজ করে। পুকুর ঘেঁষে খোকসা বাজার। আশপাশে আগুন লাগলে তা নেভাতে এই পুকুরের পানিই ভরসা। এ ব্যাপারে বক্তব্য জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামঞ্চদ আলীর মুঠোফোনে গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকবার ফোন করে সেটি বন্ধ পাওয়া গেছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সদর উদ্দিন খান গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, পুকুর ভরাট নয়, বালু ফেলে পুকুরের পাড় তৈরি করা হচ্ছে, যাতে স্কুলের খেলার মাঠটি ভেঙে না যায়। খেলার মাঠের একাংশে বিপণিবিতান করার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।গত মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, খোকসা বাজার ঘেঁষে ছয়-সাত বিঘা আয়তনের এ পুকুরের পশ্চিম পাশে বালু ফেলার জন্য পাইপ বসানো হয়েছে। এলাকাবাসী জানায়, গড়াই নদীর পাড় থেকে ড্রেজারের মাধ্যমে বালু এনে পুকুর ভরাট করা হবে। খোকসা পৌরসভার মেয়র আনোয়ার আহমেঞ্চদ তাঁতারী বলেন, শতবর্ষী পুকুরটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের জোরে উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সদর উদ্দিন খান এ কাজ করছেন। মাঠের একাংশে বিপণিবিতান নির্মাণ করাও ঠিক হচ্ছে না। এসব পৌর এলাকার মধ্যে হলেও পৌরসভার কোনো অনুমোদন নেওয়া হয়নি। এ ব্যাপারে আজই (গতকাল বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জানানো হবে। পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পুকুর ভরাট করতে হলে বিদ্যালয়কে আমাদের বা পৌর এলাকায় হলে পৌরসভার অনুমতি নিতে হবে। কিন্তু বিদ্যালয় আমাদের অনুমতি নেয়নি। অভিযোগ পেলে এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আজই (বুধবার) জানানো হচ্ছে।’