বিদ্যালয়ের পোশাক পরে না আসায় ছাত্রকে প্রকাশ্যে জুতাপেটা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের পোশাক (স্কুল ড্রেস) না পরে বিদ্যালয়ে আসায় এক ছাত্রকে প্রকাশ্যে জুতাপেটা ও কানে ধরে ওঠবস করিয়েছেন বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের এক সদস্য। নির্যাতনের শিকার শিক্ষার্থী জাহাঙ্গীর আলম খান ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী। ঘটনার প্রতিবাদে তার সহপাঠীরা আজ রোববার থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে।কিশোরগঞ্জের অষ্টগ্রামের দেউঘর ইউনিয়নের হক সাহেব উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।শিক্ষার্থীরা জানায়, জাহাঙ্গীর বিদ্যালয়ের পোশাক না পরে আসার বিষয়টি নজরে পড়লে সহকারী প্রধান শিক্ষক আসমত আলী খান তাকে বিদ্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। তখন সে বই নিয়ে বের হয়ে যাওয়ার সময় প্রধান ফটকের সামনে ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মেরাজ মিয়ার রোষানলে পড়ে। মেরাজ মিয়া তাকে ড্রেস না পরে আসার কারণ জিজ্ঞেস করেন। সন্তোষজনক উত্তর না পেয়ে তাকে ধরে জুতাপেটা করতে থাকেন। কী হচ্ছে দেখতে কিছু সময়ের মধ্যে অন্য শিক্ষার্থীরা জড়ো হয়। এরপর সবার সামনে তাকে কানে ধরে ওঠবস করিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে কিছু শিক্ষার্থী প্রধান শিক্ষকের কাছে নালিশ জানায়। জাহাঙ্গীর আলম খান জানায়, ‘স্কুলের একমাত্র পোশাকটি ধুতে দেওয়ায় তা পরতে পারেনি। বিষয়টি বুঝিয়ে বলার পরও তাকে সবার সামনে লাঞ্ছিত করা হয়।’ জাহাঙ্গীরের কয়েকজন সহপাঠী জানায়, প্রধান শিক্ষকের কাছে নালিশ দিয়ে প্রতিকার পাওয়া যায়নি। তাই ক্লাস বর্জন করে ঘটনার প্রতিবাদ জানিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী ঘটনাটি এড়িয়ে গিয়ে বলেন, ‘স্কুলের ভেতরে কোনো ছাত্রকে জুতাপেটা করার ঘটনা আমার জানা নেই।’ ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মেরাজ মিয়া জুতাপেটার কথা অস্বীকার করেন।