বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পাঁচজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে করা মামলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, প্রধান শিক্ষকসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গত মঙ্গলবার অভিযুক্তরা বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে জামিন আবেদন করেন। বিচারক তরুণ বাছার জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাউসেল আলম খান, প্রধান শিক্ষক আবদুল গনি, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম খান ও শিক্ষক ওয়াহেদুজ্জামান।
ওই বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীর বাবা শামসুল হক মজুদার বাদী হয়ে ৮ এপ্রিল বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
বাদীর অভিযোগ, গত নভেম্বরে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় তাঁর মেয়েসহ বিদ্যালয়ের ৬৩ জন পরীক্ষার্থীর কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত আদায় করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ শিক্ষা বোর্ডের নীতিমালায় মানবিক ও বাণিজ্য বিভাগে ১ হাজার ৫৫ টাকা করে এবং বিজ্ঞান বিভাগে ১ হাজার ২৯০ টাকা করে ফরম পূরণের ফি ধার্য ছিল। এ ছাড়া বোর্ডের নির্ধারিত কেন্দ্র ফি ২৫০ টাকার জায়গায় ৫০০ টাকা করে আদায় করা হয়।
পরে ফরম পূরণের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার জন্য বেসরকারি বিদ্যালয়গুলোকে উচ্চ আদালত নির্দেশ দেন। এই নির্দেশনা শুনে অভিভাবকেরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত টাকা ফেরত চাইলে তাঁদের ভয়ভীতি দেখানো হয়। এমনকি তাঁদের ছেলেমেয়েদের এসএসসির কেন্দ্র থেকে বহিষ্কারের হুমকিও দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে তিনি (শামসুল হক) মামলাটি করেন।