বিদ্যালয়ের প্রাঙ্গণে হবে শিক্ষা কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ে থানা শিক্ষা কার্যালয় ভবন নির্মাণ করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। স্কুল ক্যাম্পাসে ভবন নির্মাণে আপত্তি জানিয়ে মাউশিকে চিঠি দিয়েছে কলেজিয়েট স্কুল।
মাউশি সূত্র জানায়, ২০ তলার ভিত্তি দিয়ে ভবনগুলো নির্মাণের পরিকল্পনা আছে। প্রাথমিকভাবে পাঁচ কিংবা ছয়তলা নির্মাণ করা হবে। ভবিষ্যতে প্রয়োজন হলে ভবন উপরের দিকে সম্প্রসারণ করা হবে। বর্তমানে ভবনের নকশা প্রণয়নের কাজ চলছে। গত সপ্তাহে ভবন নির্মাণের স্থানগুলো পরিদর্শন করেছেন মাউশির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাউশি ও কলেজিয়েট স্কুল সূত্র জানায়, মাউশি গত মার্চে কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে থানা শিক্ষা কার্যালয় ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের কথা গত ৯ জুন কলেজিয়েট স্কুলকে চিঠি দিয়ে জানায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল। মাউশির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ১১ জুন কলেজিয়েট স্কুলের একাডেমিক কাউন্সিলর ও শিক্ষক পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যরা প্রতিষ্ঠানের প্রয়োজনে জায়গা সংরক্ষণ এবং প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখার স্বার্থে ক্যাম্পাসে মাধ্যমিক শিক্ষা কার্যালয় ভবন নির্মাণ না করার পক্ষে মত দেন। তাঁদের অসম্মতির কারণে ভবন নির্মাণের স্থান নির্ধারণ করে দিতে অপারগতা প্রকাশ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে গত ১৬ জুন চিঠি দেন স্কুলের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন চৌধুরী।
কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, স্কুলের ক্যাম্পাসে অন্য একটি অফিস হলে বাইরের লোকজনের আনাগোনা বাড়বে। এতে ঐতিহ্যবাহী স্কুলের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হবে। এই অফিস অন্য যেকোনো জায়গায় করা যেতে পারে। কিন্তু ভবিষ্যতে কলেজিয়েট স্কুল সম্প্রসারণ করতে চাইলে অন্য এলাকায় যাওয়ার সুযোগ নেই। তাই স্কুলের জায়গায় থানা শিক্ষা অফিস ভবন নির্মাণে আপত্তি জানানো হয়েছে।
কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম কলেজিয়েটসের সাধারণ সম্পাদক মো. মোস্তাক হোসাইন বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন সরকারি অফিস হবে? শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসের পরিবেশ ভিন্ন। থানা শিক্ষা অফিস ভবন নির্মাণ করা হলে কলেজিয়েট স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হবে। তাই এ সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারকে অনুরোধ করছি।’
মাউশি সূত্র জানায়, ভবন নির্মাণের জন্য বিদ্যালয়ের পশ্চিম-দক্ষিণ কোণের একটি স্থান নির্ধারণ করা হয়েছে। গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে থাকা খোলা জায়গাটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এর আশপাশে স্কুলের শিক্ষক ও কর্মচারীদের বাসা।
মাউশির চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘স্কুলের পরিত্যক্ত অথবা আপাতত প্রয়োজন নেই, এ রকম জায়গায় ভবনগুলো নির্মাণ করা হবে। এতে বিদ্যালয়গুলোই লাভবান হবে। কেননা ভবনের নিচের তিনটি তলা স্কুলগুলোকে ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া হবে।’
কলেজিয়েট স্কুলের আপত্তি প্রসঙ্গে মো. আজিজ উদ্দিন জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে ভবন নির্মাণে কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সম্মতি দিয়েছেন। স্কুলের শিক্ষা কার্যক্রমে যাতে কোনো প্রভাব না পড়ে সে জন্য ভবনগুলোর প্রবেশমুখ থাকবে পাশের রাস্তামুখী।
এ প্রসঙ্গে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরাও সরকারি প্রতিষ্ঠান, ওরাও সরকারি প্রতিষ্ঠান। এখন তারা স্কুলের জায়গায় ভবন নির্মাণ করতে চাইলে তো বাধা দিতে পারি না। তবে না করার পক্ষে আমাদের যুক্তিগুলো তুলে ধরে তাদের চিঠি দিয়েছি।’
নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল আলম বলেন, ‘বিদ্যালয়ে থানা শিক্ষা অফিস ভবন নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে মৌখিকভাবে শুনেছি। এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না।’