বিদ্যালয়ের প্রাচীরের ওপর ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পুরোনো পাঁচ ইঞ্চি সীমানাপ্রাচীরের ওপর ১০ ইঞ্চি চওড়া দেয়াল দিয়ে ভবন নির্মাণ করছেন এক ঠিকাদার। আর এ কাজের বৈধতা দিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনিয়মের অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাহারাদারের জন্য দুটি কক্ষ এবং একটি রান্নাঘরসহ তিন কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দুই লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে এই ভবন নির্মাণের জন্য চলতি বছরের জুন মাসে কার্যাদেশ পান চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ঠিকাদার আশিক উদ্দৌলা। কার্যাদেশ অনুযায়ী নির্মাণকাজ আগস্ট মাসে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার কাজ শুরু করেন নভেম্বরে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব কোণের দুটি সীমানাপ্রাচীর ও শৌচাগারের দেয়াল কাজে লাগিয়ে এই ভবন নির্মাণ করা হয়। সরেজমিনে দেখা গেছে, প্রায় ২০ বছর আগে নির্মিত পাঁচ ইঞ্চি চওড়া সীমানাপ্রাচীরের ওপর ১০ ইঞ্চি চওড়া দেয়াল করে ও শৌচাগারের দেয়ালের ওপর ইট গেঁথে তার ওপর ৮ ডিসেম্বর ছাদ দেওয়া হয়েছে। ভবনটি নির্মাণের ক্ষেত্রে যে দুটি সীমানাপ্রাচীর ব্যবহার করা হয়েছে, তার পাশের রাস্তা দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক পথচারী চলাচল করে। এলাকাবাসীর আশঙ্কা, ওপরের ভারী দেয়াল ও ছাদের চাপে নিচের দেয়াল ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) ও ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন জানান, ভবন নির্মাণে অনিয়মের বিষয়টি অবগত হওয়ার পর তা স্থানীয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। তবে তারা কোনো পদক্ষেপ নেয়নি। ঠিকাদার আশিক উদ্দৌলা বলেন, ‘টেন্ডার হয়েছিল ভবন সংস্কারের। কিন্তু কাজ করতে গিয়ে জেনেছি, নতুন ভবন নির্মাণ করতে হবে। তাই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেই ভবন নির্মাণে সীমানাপ্রাচীর ও শৌচাগারের দেয়াল ব্যবহার করেছি।’ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চুয়াডাঙ্গার সহকারী প্রকৌশলী আবদুল বাতেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। ঠিকাদারের সঙ্গে যোগসাজশের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘পাঁচ ইঞ্চি পুরোনো সীমানাপ্রাচীর ও শৌচাগারের দেয়ালের ওপর ইট গেঁথে ভবন করা হলেও তা ঝুঁকিমুক্ত।’ তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষাবিষয়ক কমিটির সভাপতি জসিম উদ্দিন খান ভবন নির্মাণে এই অনিয়মের খবরে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গোপনে এ ধরনের অনেক কাজ করে থাকে বলে অভিযোগ রয়েছে। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’