বিদ্যালয়ের বেঞ্চ নিয়ে মঞ্চ নির্মাণ, পাঠদান ব্যাহত
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ তৈরির জন্য দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ ব্যবহার করা হয়েছে। এ কারণে বিদ্যালয়গুলোতে গতকাল মঙ্গলবার পাঠদান ব্যাহত হয়।দলীয় সূত্রে জানা গেছে, গতকাল দলীয় কার্যালয় জনতা ভবন চত্বরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজের সভাপতিত্বে সকাল ১০টায় এ সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন।সম্মেলনের পর সন্ধ্যার দিকে নেতা-কর্মীদের মনোরঞ্জনের জন্য বাউফল পাবলিক মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মঞ্চ তৈরির জন্য বাউফল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত সোমবার দুই শতাধিক বেঞ্চ নেওয়া হয়।বাউফল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম পাঠদান ব্যাহত হওয়ার কথা নিশ্চিত করে জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার নির্দেশে বেঞ্চ দেওয়া হয়।দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা ইয়াছমিন বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটি ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ কে এম হুমায়ন কবিরের নির্দেশে ১০৮টি বেঞ্চ দেওয়া হয়েছে। রাতের মধ্যে বেঞ্চগুলো পৌঁছে দেওয়া না হলে আগামীকালের (আজ) পাঠদান ব্যাহত হবে।’গোলাম কিবরিয়া বেঞ্চ চাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আগামীকাল যাতে পাঠদান ব্যাহত না হয়, সে ব্যবস্থা করা হবে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, বিদ্যালয় থেকে বেঞ্চ নিয়ে মঞ্চ তৈরি করার বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। তিনি আরও জানান, এভাবে পাঠদান ব্যাহত করে বিদ্যালয়ের বেঞ্চ নেওয়া ঠিক হয়নি।