বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা শিক্ষা কমিটির এক জরুরি সভায় কমিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওই বিদ্যালয়ের দুজন শিক্ষিকা লাঞ্ছিত হওয়া এবং নানা বিষয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষকদের সঙ্গে মতবিরোধ থাকায় ওই কমিটি বাতিল করার প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রতিনিধি যতীন্দ্র চন্দ্র সরকার, শিক্ষক প্রতিনিধি শাহজাহান কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
এলাকাবাসী ও ওই দুই শিক্ষিকার সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ে সরকারি অর্থ বরাদ্দসহ নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সর্বানন্দ তালুকদারের সঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী রানী দাস ও সহকারী শিক্ষিকা মণি রানী তালুকদারের বিরোধ চলছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার সকালে শ্রেণিকক্ষে ঢুকে সভাপতি সর্বানন্দ তালুকদার ও তাঁর লোকজন ওই দুই শিক্ষিকাকে লাঞ্ছিত করে বিদ্যালয় থেকে বের করে দেন। এ সময় তাঁরা শিক্ষক হাজিরা খাতা নিয়ে যান ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাজিরা খাতা ছিঁড়ে ফেলেন।
এ বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি সর্বানন্দ তালুকদার বলেন, ‘শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনাটি সাজানো ও ভিত্তিহীন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বাতিল করা-সংক্রান্ত কোনো চিঠি আমি এখনো পাইনি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়ালকে কমিটির প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনাটিরও তদন্ত চলছে।