বিদ্যালয়ের ভবন আছে, নেই শিক্ষক-শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় ভবনটি উদ্বোধন করা হয়েছে এক বছরের বেশি সময় আগে। কিন্তু এখনো সেখানে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। ভর্তি করা হয়নি কোনো শিক্ষার্থী। ফলে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বিদ্যালয় ভবনটি।
শিক্ষক-শিক্ষার্থীবিহীন বিদ্যালয়ের এই চিত্র চোখে পড়ে গত সোমবার নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের চরমন্ডলিয়া গ্রামে।
সরেজমিনে দেখা যায়, নতুন ভবনের দেয়ালে লাগানো রং দূর থেকে দৃষ্টি কাড়ে। এগোতেই দেখা যায়, ভবনের সব কক্ষে তালা ঝুলছে।
পূর্বমুখী চার কক্ষের বিদ্যালয় ভবনে লাগানো ফলকে দেখা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর বিদ্যালয় ভবনের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়বিহীন গ্রাম চরমণ্ডলিয়ায় ২০১৩-১৪ অর্থবছরে ‘মধ্যম চরমণ্ডলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি’ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু শিক্ষক না দেওয়ায় গত বছর এবং চলতি বছরে এখন পর্যন্ত বিদ্যালয়টি চালু হয়নি। ফলে এলাকার শিক্ষার্থীদের দূরের গ্রামের বিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করতে হচ্ছে।
জনতা বাজার নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী রহিমা খাতুন জানায়, চরমণ্ডলিয়া গ্রামে তার বাড়ি। কিন্তু গ্রামে কোনো বিদ্যালয় না থাকায় সে পাশের চরযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছে। সে বলল, বিদ্যালয়টি চালু না হওয়ায় গ্রামের ছেলেমেয়েদের দেড়-দুই কিলোমিটার দূরের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে।
এ নিয়ে কথা হয় বিদ্যালয় থেকে প্রায় ২০০ গজ দূরের মধ্য চরমণ্ডলিয়া দারুল উলুম নূরানী মাদ্রাসার শিক্ষক হাবিব উল্লাহর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, এক বছর আগে বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে বিদ্যালয়টি চালু করা যাচ্ছে না। বিদ্যালয়টি চালু হলে গ্রামের ছেলেমেয়েরা পড়ালেখায় আরও বেশি আগ্রহী হতো।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রেজ্জাক বলেন, বিদ্যালয়টি চালু করার বিষয়ে তিনি একাধিকবার স্থানীয় ধানশালিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছেন। চেয়ারম্যান বলেছেন, তিনি উপজেলায় গিয়ে কথা বলবেন।
চেয়ারম্যান মো. ইয়াকুব নবী বলেন, ২০১৪ সালের ডিসেম্বরে বিদ্যালয় ভবনের উদ্বোধনের কথা লেখা থাকলেও আসলে কাজ শেষ হয়েছে ২০১৫ সালের মার্চে। এ বছর শিক্ষার্থী ভর্তি করে বিদ্যালয়টি চালু করা যেত, কিন্তু শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে উদ্যোগ নেওয়া হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এহছান কবির বলেন, তিনি এই কর্মস্থলে এসেছেন খুব বেশি দিন হয়নি। তাই বিষয়টি তাঁর জানা ছিল না। এ বিষয়ে খোঁজ নিয়ে শিগগিরই শিক্ষক বদলি করে বিদ্যালয়টি চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম বলেন, তিনি এ বিষয়ে শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেবেন।