বিদ্যালয়ের ভবনে চলে শিশু একাডেমীর কার্যক্রম

নিজস্ব ভবন না থাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভাড়া করা ভবনে চলছে মানিকগঞ্জ জেলা শিশু একাডেমীর কার্যক্রম। ভবনটির দুটি ছোট কক্ষের মেঝেতে গাদাগাদি করে বসে সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে শিশুরা।
জেলা শিশু একাডেমীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে শহরের গঙ্গাধরপট্টি এলাকার একটি ভাড়া বাসায় জেলা শিশু একাডেমীর কার্যালয় চালু হয়। চারটি বিভাগে শিশুদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। এরপর ২০১২ সালে স্থানান্তরিত হয়ে শহরের মডেল হাইস্কুলের ভবনে শুরু হয় একাডেমীর কার্যক্রম। ওই বিদ্যালয়ের দোতলা ভবনের নিচতলায় তিনটি কক্ষ মাসিক ১১ হাজার টাকায় ভাড়া নেওয়া হয়। এ তিনটি কক্ষকে পাঁচটি কক্ষ বানানো হয়। এর একটি কক্ষে শিশুবিষয়ক কর্মকর্তা বসেন। অন্য দুটি কক্ষে কোনোরকমে চলে শিশুদের প্রশিক্ষণ। বাকি দুটি কক্ষ ডেটা এন্ট্রি অপারেটর ও গ্রন্থাগারিক ব্যবহার করেন।
গত বছর চারটি বিভাগে প্রশিক্ষণার্থী শিশু ছিল ২৬৪ জন। তাদের প্রশিক্ষণ দিতে ১৭ জন প্রশিক্ষক কর্মরত আছেন। বিষয়গুলোর মধ্যে সংগীত তিন বছর মেয়াদি এবং নৃত্য, চিত্রাঙ্কন ও আবৃত্তি দুই বছর মেয়াদি কোর্স। সপ্তাহে দুই দিন শিক্ষার্থীদের এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি বৃহস্পতিবার বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা এবং শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে প্রশিক্ষণ। এ ছাড়া শিশু একাডেমীর প্রাক্-প্রাথমিক নামে একটি কার্যক্রম চালু আছে। প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগে প্রাক্-শিক্ষা হিসেবে ওই কার্যক্রমে শিশুরা শিক্ষা পাচ্ছে। এ বছরের ১ জানুয়ারি নতুন করে শিক্ষার্থীদের ভর্তি শুরু হয়। ১ ও ২ জানুয়ারি চারটি বিভাগে ২১ জন ভর্তি হয়েছে।
গতকাল বুধবার সকালে গিয়ে শিশু একাডেমীতে গিয়ে প্রশিক্ষণ কার্যক্রম দেখা যায়নি। তবে চলছে ভর্তি কার্যক্রম। অর প্রশিক্ষণের কক্ষ দুটি বেশ ছোট।
শিশু একাডেমীর গ্রন্থাগারিক হামিদুর রহমান বিশ্বাস বলেন, জেলা শহরের বান্দু্টিয়া মৌজায় ২৭ শতক জমি শিশু একাডেমীর জন্য কেনা হয়েছে। একাডেমীর নিজস্ব ভবন নির্মাণের জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৪ সেপ্টেম্বর ভবন নির্মাণের জন্য ডিজিটাল নকশা একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে ভবন নির্মাণে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
আবৃত্তি প্রশিক্ষক এম আর জামাল সুজন বলেন, শিশুদের প্রশিক্ষণের জন্য মাত্র দুটি কক্ষ আছে। প্রয়োজনীয় কক্ষ না থাকায় চার বিভাগের শিশুদের কয়েক ভাগে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে কারও কথা কেউ শুনছে না। তা ছাড়া ডিজিটাল মাল্টিমিডিয়ার জন্য কোনো কক্ষ নেই। এতে মাল্টিমিডিয়ার ক্লাস হচ্ছে না। শিগগিরই নিজস্ব ভবন করা না গেলে প্রশিক্ষণার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিতই থাকবে।
শারমিন আক্তার নামের এক অভিভাবক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমার মেয়েকে শিশু একাডেমীতে ভর্তি করাতে চেয়েছি। কিন্তু সেখানে গিয়ে কক্ষ-সংকট দেখেছি। অভিভাবকদের বসারও জায়গা নেই। যেহেতু চাহিদা রয়েছে, তাই শিশুদের কথা বিবেচনায় নিয়ে আরও আসন বৃদ্ধি করা উচিত।’
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা আছে। নিজস্ব ভবন নির্মাণের জন্য চার বছর আগে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। এখনো দৌড়ঝাঁপ করছি। তবু ভবন নির্মাণে কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না।’