বিদ্যালয়ের ভেতরে কমিউনিটি সেন্টার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাথরঘাটা বালিকা উচ্চবিদ্যালয়ের ভেতরে চলছে কমিউনিটি সেন্টারের নির্মাণকাজ l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের পাথরঘাটা বালিকা উচ্চবিদ্যালয়ের ভেতরে চলছে কমিউনিটি সেন্টারের নির্মাণকাজ l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের পাথরঘাটা বালিকা উচ্চবিদ্যালয়ের ভেতরে ‘কমিউনিটি সেন্টার’ নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, কমিউনিটি সেন্টার নয়, শিক্ষার্থীদের জন্য মিলনায়তন তৈরি করা হচ্ছে।
বিদ্যালয়ের ভেতরে কমিউনিটি সেন্টার করা হলে পড়ালেখার পরিবেশ বিঘ্নিত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও শিক্ষার্থীদের অভিভাবকেরা। তাঁরা নির্মাণকাজ বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সংসদ সদস্য ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চিঠিও দিয়েছেন।
সিটি করপোরেশনের পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ মিলনায়তনের নামে সেখানে কমিউনিটি সেন্টার নির্মাণ করছে। এটি চালু হলে শিক্ষার্থীরা ইভটিজিংয়ের শিকার হবে। এ ছাড়া বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হবে।’
বিদ্যালয়ের এক ছাত্রীর অভিভাবক মো. ইলিয়াছ বলেন, ‘একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে? এতে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হবে।’
নগরের পাথরঘাটার ব্রিকফিল্ড রোড এলাকায় পাথরঘাটা বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে একটি মহিলা কলেজ, একটি বালক বিদ্যালয় ও একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। এ ছাড়া একই এলাকায় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় আড়াই হাজার।
পাথরঘাটা মহিলা কলেজের অধ্যক্ষ মোহাং ফরহাদুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, এখানে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি। কারণ, একটি বালিকা উচ্চবিদ্যালয় ও একটি মহিলা কলেজ রয়েছে। কমিউনিটি সেন্টারের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠলে ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নির্মাণকাজের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কোনো অনুমোদন নেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুমোদন না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামীম। চট্টগ্রাম মহানগর ইমারত বিধিমালা অনুযায়ী যেকোনো ধরনের নতুন ভবন বা অবকাঠামো নির্মাণ করতে বা বিদ্যমান ভবন বা অবকাঠামো পরিবর্তন, পরিবর্ধন বা সংযোজন করতে হলে সিডিএর অনুমোদন নিতে হবে।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবনের সামনের খোলা জায়গায় নির্মাণসামগ্রী রাখা হয়েছে। পূর্ব ও পশ্চিম পাশে দুটি দেয়াল তৈরির কাজ চলছে। বিদ্যালয়ের একতলা বিপণিকেন্দ্রটি দোতলা করা হয়েছে।
পাথরঘাটা মহিলা কলেজ কর্তৃপক্ষ জানায়, গত ৩১ অক্টোবর কলেজের পরিচালনা পরিষদের বৈঠকে পাথরঘাটা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে নির্মাণাধীন ‘কমিউনিটি সেন্টার’ নিয়ে আলোচনা হয়। সেখানে স্থানীয় সাংসদ ও পরিচালনা পরিষদের সভাপতি জিয়াউদ্দীন আহমেদ বাবলু এ ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণের খবর শুনে ক্ষোভ প্রকাশ করেন। তিনি এই বিষয়ে সিটি করপোরেশনের মেয়রসহ যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে অধ্যক্ষকে নির্দেশ দেন।
কমিউনিটি সেন্টার নির্মাণের বিষয়টি অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান সিকদার প্রথম আলোকে জানান, বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য এখানে মিলনায়তন নির্মাণ করা হচ্ছে। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান করা হচ্ছে না। বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটি নির্মাণ হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, মিলনায়তনটি হবে টিনশেডের। এ জন্য সিডিএর অনুমোদনের প্রয়োজন নেই।