বিদ্যালয়ের মাঠ থেকে বিদ্যুতের খুঁটি অপসারণ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে ফেলে রাখা কংক্রিটের বিদ্যুতের খুঁটিগুলো সরানো হয়েছে। গত শুক্রবার ও গতকাল শনিবার সংশ্লিষ্ট মালিক প্রতিষ্ঠান এগুলো সরিয়ে নেয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোছাম্মৎ শামছুন্নাহার গতকাল বলেন, খুঁটিগুলো সরিয়ে নেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি দূর হয়েছে। এখন শিক্ষার্থীরা মাঠে খেলতেও পারছে।
বিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ডিসেম্বর থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই মাঠে ৪৮টি কংক্রিটের তৈরি বিদ্যুতের খুঁটি ফেলে রাখা হয়। এর ফলে তিন মাস ধরে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ থাকে এবং আড়াই শ শিক্ষার্থীসহ শিক্ষকদের চলাফেরায় ভোগান্তি পোহাতে হয়। এ নিয়ে গত বুধবার ‘বিদ্যালয়ের মাঠে বিদ্যুতের খুঁটির স্তূপ, ভোগান্তি’ শিরোনামে প্রথম আলোয় সচিত্র প্রতিবেদন ছাপানো হয়।
ওই প্রতিবেদনে খুঁটিগুলো ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ট্রান্স অ্যান্ড ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী মো. জুলহাস উদ্দিনের কথা বলা হলেও সেগুলো তাঁর নয়। মূলত খুঁটিগুলো ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কে বি প্রকৌশলীর। প্রতিষ্ঠানটির কিশোরগঞ্জ প্রতিনিধি সৈয়দ আবুল কাশেম বলেন, তাঁরা খুঁটিগুলো সরিয়ে নিয়েছেন।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী অসিত কুমার ভৌমিক গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পরই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে খুঁটি অপসারণের জন্য চাপ প্রয়োগ করা হয়। গতকাল ও গত পরশু খুঁটিগুলো সরানো হয়েছে।