বিদ্যালয়ের মাঠ থেকে ভারী যন্ত্র সরানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫৩ নম্বর ফরিদাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বিটুমিন ও পাথর মিশ্রণের ভারী যন্ত্রটি সরিয়ে নেওয়া হয়েছে।
উপজেলার মুশুলি-তাড়াইল সড়কের চার কিলোমিটার অংশে সংস্কারকাজ চালানোর জন্য ‘এসোসিয়েট বিল্ডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে গত ১৭ মার্চ বিদ্যালয়ের মাঠে ‘হট মিক্সিং প্ল্যান্ট’ নামে ওই ভারী যন্ত্রটি বসায়। যন্ত্রটির প্রচণ্ড শব্দে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছিল। পাশাপাশি যন্ত্র থেকে নির্গমন হওয়া ধোঁয়ায় বায়ুদূষণ হচ্ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ২০ মার্চ এ নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছিলেন না। এ নিয়ে ৮ এপ্রিল প্রথম আলোয় ‘উচ্চ শব্দে পাঠদান ব্যাহত, বায়ুদূষণে স্বাস্থ্যঝুঁকি/বিদ্যালয়ের মাঠে ভারী যন্ত্র’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অহিদুল ইসলাম বিদ্যালয় ও শিক্ষার্থীদের দুরবস্থার সত্যতা পেয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যালয়ের মাঠ থেকে ‘হট মিক্সিং প্ল্যান্ট’ যন্ত্রটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।