বিদ্যালয়ের মাঠ থেকে সরিয়ে নেওয়া হলো বিদ্যুতের খুঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় মাঠ থেকে গতকাল রোববার বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের কাছ থেকে টাকা না নিয়ে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিজ উদ্যোগে খুঁটিটি সরিয়ে দিয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, ২০০৩ সালে উপজেলার যোগানিয়া ইউনিয়নে কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০০ শিক্ষার্থী রয়েছে।
২০০৩ সালে বিদ্যালয় মাঠে পল্লী বিদ্যুতের একটি খুঁটি স্থাপন করা হয়। এই খুঁটি থাকায় শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে অ্যাসেম্বলি (সমাবেশ) ও খেলাধুলা করত। ২০১৫ সালের ১৪ ডিসেম্বর খুঁটিটি সরিয়ে নিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কাছে লিখিত আবেদন করেন।
গত বছর ১২ জানুয়ারি শেরপুর পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) স্বাক্ষরিত একটি চিঠি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। চিঠিতে খুঁটি স্থানান্তরের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ৬০ হাজার ৯৯৫ টাকা দিতে বলা হয়। টাকা দিতে না পারায় শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে খেলাধুলা করত। ২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘বিদ্যালয় মাঠে বিদ্যুতের খুঁটি, ঝুঁকি নিয়ে খেলাধুলা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গত শনিবার শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী বিদ্যালয় পরিদর্শন করেন। গতকাল রোববার দুপুরে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিজ উদ্যোগে খুঁটি সরিয়ে নেয়।
বিনা খরচে খুঁটি সরিয়ে নেওয়ায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুরে আলম বলে, ‘এখন থেকে মাঠে খেলতে আমাদের আর অসুবিধা হবে না। খুঁটি সরানোতে আমরা অনেক খুশি হয়েছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান বলেন, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যালয়ের কাছ থেকে কোনো টাকা না নিয়ে খুঁটিটি সরিয়ে বিদ্যালয়ের পেছনে স্থাপন করেছে।
শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. মাসরুল হক খান বলেন, গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের নজরে আসে। চেয়ারম্যান তাঁকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। তাই নিজেদের খরচে তাঁরা খুঁটিটি সরিয়ে নিয়েছেন।