বিদ্যালয়ের মাঠ দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি এলাকায় বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মাঠ দখল করে চলছে স্থাপনা নির্মাণের কাজ। সম্প্রতি তোলা ছবি ।   প্রথম আলো
বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি এলাকায় বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে চলছে স্থাপনা নির্মাণের কাজ। সম্প্রতি তোলা ছবি । প্রথম আলো

বরিশালে একজন ওয়ার্ড কাউন্সিলর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ঘর নির্মাণ করছেন। ঘরের ছবি তোলার সময় তিনি সাংবাদিককে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা গেছে, নগরের ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি এলাকায় বাস্তুহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশুদের খেলার মাঠটি দখল করে প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি ঘর নির্মাণের কাজ চলছে। নাম প্রকাশ না করার শর্তে নির্মাণশ্রমিকেরা জানান, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও শ্রমিক লীগের মহানগর শাখার সদস্য জয়নাল আবেদীন ওই স্টল নির্মাণ করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বেগম বলেন, গত শুক্রবার স্কুল বন্ধের সুযোগ কাজে লাগিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করা হয়েছে। কাউন্সিলর জয়নাল আবেদীনের নির্দেশেই বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ঘর নির্মাণ করা হচ্ছে। মাঠ দখল হওয়ায় শিশুদের খেলাধুলার জায়গা আর থাকছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদ্যালয়ের জন্য জেলা পরিষদ থেকে ১৫০ ফুট লম্বা ও ১০০ ফুট প্রস্থ জায়গা দেওয়া হয়। ওই জমির কিছু অংশে স্কুল স্থাপন করা হয় এবং বাকি অংশ শিক্ষার্থীদের খেলার মাঠ হিসেবে ব্যবহূত হতো। ইতিমধ্যে মাঠের কিছু অংশ দখল করে শ্রমিক লীগের কার্যালয় নির্মাণ করা হয়েছে। শুক্রবার থেকে মাঠের বাকি অংশ দখল করে জয়নাল আবেদীন সেখানে একটি ঘর নির্মাণ করছেন। স্থানীয় সূত্র জানায়, ভাড়া দেওয়ার জন্য ওই ঘর নির্মাণ করা হচ্ছে।
এদিকে গত শনিবার ওই ঘর নির্মাণের ছবি তুলতে গেলে কয়েকজন ফটোসাংবাদিককে ভয়ভীতি দেখান জয়নাল আবেদীন। আঞ্চলিক দৈনিকের ফটোসাংবাদিক রাতুল আহামেঞ্চদ জানান, জয়নাল সাংবাদিকদের হুমকি দেওয়াসহ অকথ্য ভাষায় গালাগাল করেন। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
জয়নাল আবেদীন বলেন, ‘ওই বিদ্যালয়ের জন্য ১০ শতাংশ জায়গা রয়েছে। এর বাইরের জায়গা বিদ্যালয়ের নয়। এখানে আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ দেওয়া হচ্ছে।’ জেলা প্রশাসক শহীদুল আলম বলেন, বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর নির্মাণের কথা শুনেছেন। শিশুদের খেলার মাঠ যাতে দখল হয়ে না যায়, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।