বিদ্যালয়ের মাঠ দখল করে দোকান নির্মাণ
ফরিদপুর সদর উপজেলার দুটি বিদ্যালয়ের মাঠ দখল করে একটি দোকান নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে মার্কেট করার পাঁয়তারা চালানো হচ্ছে। এ জন্য বাঁশের অবকাঠামোও তৈরি করা হয়েছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এ অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ওই দুই বিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে (ইউএনও) মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে।যে দুটি বিদ্যালয়ের মাঠ দখল করা হয়েছে, তা হলো সদরের কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর উচ্চবিদ্যালয় ও হাটগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমন কুমার বিশ্বাস জানান, হাটগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাঁদের বিদ্যালয়ের একটি যৌথ মাঠ আছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সোমবার দিবাগত রাতে মাঠের দক্ষিণ পাশে বাহিরদিয়া-কানাইপুর সড়ক ঘেঁষে বাঁশের অবকাঠোমো দিয়ে মার্কেট নির্মাণের প্রস্তুতি নিয়েছেন। পাঁচ দিন আগে এলাকার আরেক প্রভাবশালী মাঈনুদ্দীন মোল্লা স্কুলের দক্ষিণ-পশ্চিম পাশে একটি টিনের দোকানঘর নির্মাণ করেছেন। সেখানে আবদুল কুদ্দুস নামে এক ব্যক্তি কাপড়ের দোকান দিয়েছেন।গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশের কিছু অংশ চারদিক ঘেরাও করে সেখানে মার্কেট করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেখানে বাঁশের অবকাঠামো তৈরি করে রাখা হয়েছে। আর দক্ষিণ-পশ্চিম পাশে একটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শামসুল হক মোল্লা জানান, প্রথমে মাঈনুদ্দীন মোল্লা অবৈধ ঘরটি নির্মাণ করায় পরে এলাকার লোকজন নতুন দোকান নির্মাণের উদ্যোগ নিয়েছে। তাদের দাবি, মাঈনুদ্দীনের অবৈধ ঘর থাকলে তাদের দোকানও হবে।মাঈনুদ্দীন মোল্লা দোকানঘর নির্মাণের কথা স্বীকার করে বলেন, ‘এটি আলগা টিনের, টঙ-জাতীয় ঘরবিশেষ। যেকোনো সময় এটি সরিয়ে নেওয়া যাবে। তিনি বলেন, ‘আমি যে জায়গায় ঘর তুলেছি, সেটি আমার জায়গা।’ তবে তিনি জমির কাগজপত্র দেখাতে পারেননি। ফরিদপুর সদরের ইউএনও কে এম কামরুজ্জামান বলেন, ওখানে দুটি বিদ্যালয় ও একটি মাদ্রাসা আছে। মাঠটিতে খেলাধুলা হয়। এ মাঠে কোনো অবৈধ স্থাপনা থাকলে তা অপসারণ করা হবে।