বিদ্যালয়ের মাঠ দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় খোলামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখলের চেষ্টার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।
বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী জানান, ১৯৭৩ সালে স্থানীয় রামকানাই বাড়ৈ বিদ্যালয়ের জন্য ১২ শতাংশ জায়গা দান করেন। পরে বিদ্যালয়টি সরকারি করা হয়। ২০০৬ সালে আতাউর রহমান ওরফে জয়নাল ভুয়া ও জাল দলিলের মাধ্যমে বিদ্যালয়ের খেলার মাঠ দখলের চেষ্টা করে আসছেন। ২২ মার্চ আতাউর আবার খেলার মাঠটি দখল করতে গেলে এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আতাউর ২২ এপ্রিল ঢাকা জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে ভাঙচুর ও ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলা করেন। মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পণা রানী সাহা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সহসভাপতি আতাউর রহমানসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।