বিদ্যালয়ের মাঠ দখলের পাঁয়তারা!
রংপুর শহরের মাহিগঞ্জের আফানউল্লাহ উচ্চবিদ্যালয়ের মাঠে গত ডিসেম্বরে বিজয় মেলার আয়োজন করেছিল স্থানীয় সারগাম ক্লাব। মাঠটি ১৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যবহারের জন্য ক্লাবের পক্ষ থেকে বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হয়েছিল। কিন্তু মেলা শেষ হওয়ার এক মাস পরেও আয়োজকেরা মাঠের দখল ছাড়েনি। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারছে না।বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, তোরণসহ অন্যান্য অস্থায়ী স্থাপনা সরিয়ে না নিয়ে সারগাম ক্লাবের লোকজন বিদ্যালয়ের মাঠটি দখল করার পাঁয়তারা করছে।জানা গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ার পর সারগাম ক্লাবের লোকজন মাঠের চার দিকে টিনের বেড়া দেয়। মেলার প্রবেশ পথে নির্মাণ করে সুদৃশ্য তোরণ।সরেজমিনে দেখা গেছে, এখনো মাঠের চার দিক টিন দিয়ে ঘেরা। প্রবেশ পথে আগের মতোই রয়েছে তোরণ। এর ফলে আফানউল্লাহ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, মাঠের চার দিকে টিনের বেড়া। তাই তারা মাঠে ঢুকে খেলাধুলা করতে পারছে না। অবিলম্বে মাঠটি দখলমুক্ত করার জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবু বক্কর সিদ্দিক বলেন, ‘মাঠটি আমরা দখল হতে দেব না। প্রয়োজনে আমরা আন্দোলন করব।’বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শাহ আবদুুর রাজ্জাক বলেন, ‘মেলা শেষ হয়েছে। এখনো মাঠটি দখল করে রাখার কোনো কারণই দেখছি না।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন জানান, ১৯৭২ সালে সরকার বিদ্যালয়ের নামে প্রায় এক একর জমি বরাদ্দ দেয়। ওই জমিটিই বিদ্যালয়ের মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রধান শিক্ষক আরও জানান, স্থানীয় সারগাম ক্লাব মাঠটিতে বিজয় মেলা করার জন্য গত বছরের ডিসেম্বরে আবেদন করেন। মেলা করার জন্য তাদের অনুমতিও দেওয়া হয়। কিন্তু মেলা শেষ হওয়ার পর এক মাস চলে গেলেও তারা মাঠের দখল ছাড়েনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল জলিল মিয়া জানান, অবৈধভাবে তারা মাঠটি দখল করে রেখেছে। সারগাম ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘মাঠটি সারগাম ক্লাবের নামে বরাদ্দ নেওয়ার জন্য আমরা ভূমি মন্ত্রণালয়ে আবেদন করেছি। অনুমোদন পেলে আমরা এখানে একটি উন্মুক্ত মঞ্চ করব।’