বিদ্যালয়ের মাঠ ভরাটের টাকা আ.লীগ নেতার পকেটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির আওতায় বিদ্যালয়ের মাঠ ভরাট প্রকল্পের কাজ বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দায়সারা কাজ করে ওই প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে। ওই প্রকল্পের কমিটির সভাপতি আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম খান এ কাজ করেছেন বলে দলীয় নেতা-কর্মীরাই অভিযোগ করেছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্র ও আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, ২০১০-১১ অর্থবছরে উপজেলার কান্দি ইউনিয়নের রওশন আলী খান নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য স্থানীয় সাংসদ টিপু মুন্সির মাধ্যমে কাবিটা প্রকল্পের আওতায় দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি সুষ্ঠুভাবে করার জন্য কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খানকে প্রকল্পটির সভাপতি করা হয়। গত ৩০ জুনের মধ্য কাজ শেষ করার কথা। কাজ শেষ করা হয়েছে দেখিয়ে তিনি ওই দেড় লাখ টাকা তুলে তা আত্মসাৎ করেছেন।সরেজমিনে গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সামান্য বালু দিয়ে মাঠের ঘাস কোনো রকম ঢেকে দেওয়া হয়েছে। বৃষ্টির পানিতে বালু সরে গিয়ে মাঠের অবস্থা আবার আগের মতো।রওশন আলী খান নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, সামান্য বালু দিয়ে মাঠের ঘাস ঢেকে দেওয়া হয়েছে। মাঠটি ভালোভাবে ভরাট করা হয়নি।কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোজাহারুল ইসলাম ও নূরুল ইসলাম অভিযোগ করেন, নজরুল ইসলাম খান দলীয় সভাপতি হওয়ায় প্রকল্পের নাম মাত্র কাজ করে সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন।আওয়ামী লীগের নেতা ও ওই প্রকল্পের সভাপতি দায়সারাভাবে কাজ করে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকল্পের নিয়ম মোতাবেক পুরো টাকা খরচ করে কাজ করা হয়েছে।