বিদ্যালয়ের মাঠ ভাড়া নিয়ে আলুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরের রায়কালী উচ্চবিদ্যালয়ের মাঠে আলুর হাট বসছে। বিদ্যালয় কর্তৃপক্ষ পার্শ্ববর্তী একটি হাটের ইজারাদারের কাছে দুই মাস আগে মাঠটি ভাড়া দিয়েছে। এর পর থেকে ইজারাদার প্রতিদিন বিদ্যালয়ের মাঠজুড়ে আলুর হাট বসাচ্ছেন। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বিদ্যালয়ে প্রতিদিনের অ্যাসেম্বলি (শারীরিক কসরত) হচ্ছে না। একই কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে খেলাধুলাও করতে পারছে না। বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি আলুর মৌসুমে বিদ্যালয়ের মাঠটি রায়কালী হাটের ইজারাদার আবদুল মান্নান চৌধুরীর কাছে ভাড়া দেওয়া হয়েছে। গত শনিবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, মাঠজুড়ে আলুর হাট বসেছে। বিদ্যালয়ের বারান্দায়ও চলছে আলু বেচাকেনা। হাটুরেদের হইচইয়ের মধ্যে শ্রেণীকক্ষে পাঠদান চলছে। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘হইচইয়ের মধ্যে নির্বিঘ্নে ক্লাস নেওয়া সম্ভব নয়। বিদ্যালয়ের মাঠে হাট বসানো নিয়ে কথা বলে ব্যবস্থাপনা কমিটির বিরাগভাজন হতে চাই না।’ শিক্ষার্থীরা জানায়, মাঠে হাট বসানোয় তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। হাটের কারণে বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতি কমে গেছে। হাটুরেদের হইচইয়ের কারণে শিক্ষকেরা ক্লাস নিতে পারেন না। শিক্ষার্থী আসমা বলে, মাঠে হাট বসানোয় বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র বলে, ‘মাঠ দখল করে হাট বসানোয় বিদ্যালয়ে অ্যাসেম্বলি হয় না। আমরা খেলাধুলাও করতে পারি না। বিদ্যালয়ের মাঠ ও বারান্দায় ময়লা-আর্বজনা পড়ে থাকে।’ অভিভাবক আকরাম হোসেন বলেন, ‘বিদ্যালয়ের মাঠে আলুর হাট বসানোয় ছাত্রীদের বেশি অসুবিধা হচ্ছে। এ কারণে অনেক ছাত্রী বিদ্যালয়ে যেতে চায় না।’ রায়কালী হাটের ইজারাদার আবদুল মান্নান জানান, হাটের জায়গাস্বল্পতার কারণে তাঁর লোকসান হচ্ছিল। তাই রায়কালী উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে তিন মাসের জন্য তিনি মাঠটি ২৬ হাজার টাকায় ভাড়া নিয়েছেন। রায়কালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজিমুদ্দিন বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত নিয়ে মাঠে আলুর হাট বসাতে দেওয়া হচ্ছে। এর বিনিময়ে বিদ্যালয়ের উন্নয়নের জন্য আবদুল মান্নানের কাছ থেকে আমরা কিছু টাকা নিয়েছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাঠে হাট বসানোর কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে না।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুস সামাদ বলেন, ‘হাটের জায়গা কম, মানবিক কারণেই আমরা বিদ্যালয়ের মাঠে হাট বসাতে দিয়েছি।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাট বসানো উচিত নয়। রায়কালী উচ্চবিদ্যালয়ের মাঠে হাট বসানোর কথা তিনি জানেন না। তিনি বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী বলেন, রায়কালী বিদ্যালয়ের মাঠে হাট বসানোর কথা তিনি জানেন না।