বিদ্যালয়ের মাঠে ইটভাটার কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে ছাড়পত্র না নিয়েই লক্ষ্মীপুর সদর উপজেলার ২০টি ইটভাটায় ইট পোড়ানো হচ্ছে। একই সঙ্গে এসব ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এসব ইটভাটার অধিকাংশই জনবসতিপূর্ণ এলাকা ও বিদ্যালয়ের পাশে হওয়ায় স্থানীয় লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইটভাটার এক মালিক কাঠের স্তুপ রাখায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছেন না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ৫০টি ইটভাটা আছে। নতুন ও পুরোনো ইটভাটার মধ্যে ২০টি ইটভাটার মালিক পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে কোনো অনুমতি না নিয়েই ইট পোড়াচ্ছেন। শুধু তাই নয়, পরিবেশ আইন লঙ্ঘন করে লোকালয়, বাজার এবং বিদ্যালয়ের পাশে ইটভাটা স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী (সংশোধিত ২০০১) সংরক্ষিত বনাঞ্চল বা জনবসতিপূর্ণ এলাকার তিন কিলোমিটারের মধ্যে ইট পোড়ানো, ইটভাটা স্থাপন ও কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।গত মঙ্গলবার সরেজমিন সদর উপজেলার পূর্ব মান্দারী গ্রামের মেসার্স পলাশ ব্রিকফিল্ডে গিয়ে দেখা গেছে, এখানে ড্রাম চিমনি দিয়ে ইট পোড়ানো হচ্ছে। নিয়ম অনুযায়ী কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা থাকলেও এখানে কাঠ পোড়ানো হচ্ছে। এতে পূর্ব মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশের ঘরবাড়ি, ফসলি জমি, ফলজ ও বনজ গাছে ধোঁয়ার কালি পড়ছে। ব্রিকফিল্ডের পার্শ্ববর্তী বাড়ির রিকশাচালক সুমন জানান, ইটভাটার ধোঁয়ায় বাড়ির নারকেল গাছসহ অন্যান্য ফলজ গাছে ফলন কমে গেছে। পূর্ব মান্দারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, পলাশ ফিল্ডের মালিক নেছার আহম্মদ স্কুলের মাঠ দখল করে কাঠ স্তুপ করে রেখেছে। এতে শিক্ষার্থীরা মাঠে শারীরিক কসরত ও খেলাধুলা করতে পারছে না। পলাশ ব্রিক্স ফিল্ড এর মালিক নেছার আহম্মদ জানান, পরিবেশের ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন করা হয়েছে। বিদ্যালয়ের মাঠ থেকে কাঠের স্তুপ শিগগিরই অন্যত্র সরিয়ে নেওয়া হবে।এলাকাবাসী জানান, মেসার্স চৌধুরী, মেসার্স ইকবাল, মেসার্স পলাশ ব্রিকফিল্ড, দত্তপাড়া ব্রিক অ্যান্ড কোম্পানিসহ ২০টি ইটভাটার কর্তৃপক্ষকে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় থেকে গত নভেম্বর মাসেও নোটিশ করা হয়েছে। ওই নোটিশ পাওয়ার পর এসব ইটভাটায় ইট পোড়ানো হচ্ছে। ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি ওহিদ মাস্টার জানান, ইটভাটার মালিকেরা ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরেও আবেদন করেছেন।পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মো. জাফর আলম বলেন, লক্ষ্মীপুরের ২০টি ইটভাটার মালিকেরা পরিবেশের ছাড়পত্র নেননি। এ কারণে তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।