বিদ্যালয়ের মাঠে কাঠের স্তূপ, অদূরে পুড়ছে ইট
আর কয়েক দিন পরই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শিশুদের এখন অনুশীলন প্রয়োজন। কিন্তু বিদ্যালয়ের মাঠে জ্বালানি কাঠের স্তূপ। তাই মাঠের এক কোণে জড়সড় হয়ে অনুশীলন করছে শিশুরা। গত শনিবার সকালে বরগুনার আমতলী উপজেলার পূর্ব চাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, এসব জ্বালানি কাঠ ইটভাটায় পোড়ানোর জন্য সপ্তাহ দুয়েক ধরে এখানে রাখা হয়েছে। এইচআরটি ব্রিকস নামে একটি ইটভাটার মালিক ফারুক গাজী কাঠগুলো রেখেছেন। তিনি বিদ্যালয়ের জমিদাতা। বিদ্যালয়ের ৫০ গজ দূরে ইটভাটাটি অবস্থিত। শুধু প্রাথমিক বিদ্যালয় নয়, ভাটার ২০০ গজ দূরত্বের মধ্যে তালুকদার হাট ও পূর্ব চাওড়া ফাজিল মাদ্রাসা রয়েছে।জানা গেছে, ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন, ১৯৮৯-এর উপধারা-৫ অনুসারে আবাসিক এলাকা ও ফলের বাগান থেকে তিন কিলোমিটারের মধ্যে ও বিল ভরাট করে কৃষিজমিতে ইটভাটা স্থাপন করা দণ্ডনীয় অপরাধ।বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সাইদুল বলে, ‘স্কুলের মাঠে কাঠ রাখায় আমরা খেলাধুলা ও হাঁটাচলা করতে পারি না। কয়েক দিন আগে শাহিন নামে আমাদের ক্লাসের এক ছাত্র মাঠে খেলতে গিয়ে কাঠের ওপর পড়ে আঙুল ভেঙে ফেলেছে।’ তৃতীয় শ্রেণীর ছাত্র সায়মন বলে, ‘একটু খেলাধুলা করমু হেইয়্যাও পারি না। অনেক দিন ধইর্যা কতগুলা গাছ আইন্না আমাগো স্কুলমাঠে রাখনে আমাগো খেলাধুলা বন্ধ অইয়্যা গ্যাছে।’ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের পাশে বছর তিনেক আগে ইটভাটাটি গড়ে তোলা হয়। সরেজমিনে দেখা যায়, ইটভাটাটি ড্রাম চিমনির। এর আশপাশেও অনেক কাঠ স্তূপ করে রাখা হয়েছে। এসব কাঠ বহনকারী টমটমের চালক ইউনুস মিয়া জানান, ভাটার মালিক স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক গাজী। এই ভাটায় প্রতিদিন ৩০০ থেকে ৪০০ মণ জ্বালানি কাঠ লাগে। ভাটার ব্যবস্থাপক গোলাম হায়দার বলেন, ভাটাটি ভবিষ্যতে অন্যত্র স্থানান্তর করা হবে। এটির ব্যাপারে জেলা প্রশাসনের অনুমতি থাকলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। ড্রাম চিমনির ব্যাপারে তিনি বলেন, ‘সরকার জিগজ্যাগ ইটভাটা করার কথা বলেছে। কিন্তু এতে অনেক খরচ বলে করা সম্ভব হচ্ছে না।’পূর্ব চাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম বলেন, ‘মাঠে জ্বালানি কাঠ রাখায় বাচ্চাদের খেলাধুলা ও চলাচলে সমস্যা হচ্ছে। ২২ ফেব্রুয়ারি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ভাটার মালিককে কাঠ সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন। তিনি কয়েক দিনের মধ্যে সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন।’ তিনি আরও বলেন, ভাটাটি স্কুলের কাছাকাছি হওয়ায় কালো ধোঁয়ায় পাঁচ শতাধিক শিশুর স্বাস্থ্যঝুঁকি রয়েছে।ভাটার মালিক ফারুক গাজী বলেন, ‘আমি অল্প দিনের মধ্যেই বিদ্যালয়ের মাঠ থেকে কাঠ সরিয়ে ফেলব।’ তিনি দাবি করেন, আইনানুগভাবেই তিনি ইটভাটা চালাচ্ছেন। এটিকে অচিরেই জিগজ্যাগ ভাটায় রূপান্তর করা হবে বলে জানান তিনি।পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক আরেফিন বাদল প্রথম আলোকে বলেন, ‘লোকালয়ে ও ফসলের মাঠে ইটের ভাটা স্থাপন বেআইনি। আর ড্রাম চিমনির কোনো ইটভাটার অনুমোদন পরিবেশ অধিদপ্তর কখনো দেয়নি। এটা সম্পূর্ণ অবৈধ।’