বিদ্যালয়ের মাঠে তামাকের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রছাত্রীরা নাক চেপে ধরে মাঠ পেরিয়ে বিদ্যালয়ে ঢোকে। শুকনা তামাকের গন্ধে মাঠ হয়ে ওঠে দুর্গন্ধময়। আর এই দুর্গন্ধে কাবু হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী উচ্চবিদ্যালয়ের মাঠে প্রতি শুক্র ও সোমবার তামাকের হাট বসে।বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সোহরাব এই তামাকের হাটের ইজারাদার। তিনি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে যোগসাজশে ২০ হাজার টাকা বিদ্যালয় তহবিলে দেওয়ার কথা বলে হাটটি ইজারা নিয়েছেন। বিদ্যালয় মাঠে সপ্তাহের সোম ও শুক্রবার সকালে চাষিরা তামাক নিয়ে বসেন। হাট চলে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত। তামাক আর লোকে লোকারণ্য হয়ে ওঠে বিদ্যালয় মাঠ। শিক্ষার্থীদের খেলা তো দূরের কথা, ঠিকমতো চলাফেরার সুযোগ থাকে না সেখানে। বিদ্যালয় মাঠ তামাক বেচাকেনার কেন্দ্রে পরিণত হওয়ায় বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত দুর্ভোগ পোহাতে হয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষককে।নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণীর এক ছাত্রী জানায়, বান্ধবীদের সঙ্গে বিদ্যালয় মাঠে প্রবেশ করামাত্রই তামাকের গন্ধে নাক চেপে ধরে ক্লাসে যেতে হয়। শ্রেণীকক্ষ পর্যন্ত তামাকের গন্ধ ছড়ায়। এ কারণে পড়াশোনায় অনেকটা সমস্যা হয়। সপ্তম শ্রেণীর আরেক ছাত্রী একই ধরনের সমস্যার কথা জানায়।স্থানীয় লোকজন ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির যোগসাজশে বিদ্যালয় উন্নয়ন তহবিলের অজুহাতে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টোল নিয়ে মাঠে তামাকের বাজার বসাচ্ছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ তায়েজ উদ্দিন এ অভিযোগকে অস্বীকার করে বলেন, ‘হাট থেকে বছরে ২০ হাজার টাকা বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে জমা দেওয়া হয়। অবস্থানগত কারণে আমাদের তেমন কিছুই করার নেই। তবে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ সমস্যাটি সুরাহার পদক্ষেপ নিতে পারে।’জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট বা শিক্ষার্থীদের চলাচলের পথে বিঘ্ন সৃষ্টি হয় বা বিদ্যালয় চৌহদ্দির মধ্যে অনুমোদনহীন কোনো হাটবাজার বসানো বা অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ অবৈধ। আমি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’