বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, কালো ধোঁয়া
যশোরের কেশবপুর উপজেলার বাকাবর্শী এমএন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রাস্তার নির্মাণসামগ্রী ফেলে রাখায় এবং পিচ গলানোর সময় কালো ধোঁয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।উপজেলার কেশবপুর-কাটাখালী সড়কের পাশেই বাকাবর্শী এম এন মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উদ্যোগে সমপ্রতি এ সড়কের ১৬ কিলোমিটার সংস্কারকাজ শুরু হয়েছে। এ সংস্কারকাজের নির্মাণসামগ্রী বিদ্যালয়ের মাঠে ফেলে রাখা হয়েছে।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, মাঠে পিচ গলানো হচ্ছে। পিচের কুণ্ডলীপাকানো কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। শিক্ষর্থীরা ধোঁয়ার মধ্যেই ক্লাস করছে। দশম শ্রেণীর শিক্ষার্থী জাহিদ হাসান জানায়, পিচ গলানোর সময় কালো ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসে। ষষ্ঠ শ্রেণীর হূদয় জানায়, গন্ধে ক্লাসে বসা যায় না। সপ্তম শ্রেণীর আবু বক্কর বলে, ‘ধোঁয়ায় শ্বাসকষ্ট হচ্ছে, তাই ক্লাস না করেই বাড়ি ফিরে যাচ্ছি।’ চতুর্থ শ্রেণীর কর্মচারী শাজাহান জানান, যেদিন পাথর রাখা হয়, সেদিন নিষেধ করলেও তারা শোনেনি। শিক্ষক রেজাউল ইসলাম বলেন, ‘মাঠ খুঁড়ে পিচ গলানো হচ্ছে। আমরা বাধা দিলেও আমাদের কথা মানছে না। আমাদের তিনটি কক্ষ দখল করে নিয়েছে নির্মাণশ্রমিকেরা। তাদের ব্যবহূত কাপড়-চোপড় ও মালামাল রাখার কারণে ওই কক্ষ দুটি আমরা ব্যবহার করতে পারছি না।’নির্মাণকাজ দেখার দায়িত্বে থাকা ঠিকাদারের ব্যবস্থাপক আবু বক্কর বলেন, ‘শিক্ষার্থীদের একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। কিন্তু এ কাজ করার মতো জায়গা অন্যত্র নেই। তিন-চার দিনের মধ্যেই কাজ শেষ হবে।’ প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই মাঠে নির্মাণসামগ্রী রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।এ ব্যাপারে প্রধান শিক্ষক প্রভাত কণ্ডু জানান, বিদ্যালয়ের নির্মাণসামগ্রী রাখার জন্য অনুমতি নেওয়া হয়নি। ঠিকাদারের লোকজনকে বলা হয়েছে, কিন্তু তাঁরা কথা শুনছেন না। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে অভিযোগ করা হয়েছে।উপজেলা সহকারী প্রকৌশলী আবদুল আল-মামুন বলেন, ‘উন্নয়নের স্বার্থে এ অসুবিধা মেনে নিতে হবে। মালামাল আমরা কোথায় রাখব? সামনে দুই দিন ছুটি আছে। আমরা এর মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করব।’