বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রীর মিশ্রণ তৈরি ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা উচ্চ ও হেলেঞ্চা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যন্ত্র দিয়ে তৈরি হচ্ছে ইট, বালু ও পাথরের মিশ্রণ। যন্ত্রের বিকট শব্দে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবিটি গত শনিবার তোলা ষ প্রথম আলো
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা উচ্চ ও হেলেঞ্চা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যন্ত্র দিয়ে তৈরি হচ্ছে ইট, বালু ও পাথরের মিশ্রণ। যন্ত্রের বিকট শব্দে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবিটি গত শনিবার তোলা ষ প্রথম আলো

পাশাপাশি দুটি বিদ্যালয়। সামনে একটি মাঠ। মাঠের এক অংশে পাথরকুচির স্তূপ। মাঝামাঝি স্থানে একটি যন্ত্র বসিয়ে ইট, বালু ও পাথরের মিশ্রণ তৈরি করা হচ্ছে। এতে বিকট শব্দের সৃষ্টি হচ্ছে। ওই যন্ত্রেরই একটি অংশে পিচ জ্বালানোর কারণে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। রাস্তা নির্মাণের জন্য দেড় মাস ধরে মাঠ দখল করে এই কাজ করছেন একজন ঠিকাদার।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের ওই দুটি বিদ্যালয়ের নাম হেলেঞ্চা উচ্চবিদ্যালয় ও হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এলাকাবাসীর অভিযোগ, নির্মাণসামগ্রী ও মিশ্রণযন্ত্র বসানোর কারণে এসব বিদ্যালয়ে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঠিকাদার এসব কাজ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নেননি। উপরন্তু, তিনি মালবাহী ট্রাক চলাচলের সুবিধার জন্য বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের ১৫ ফুট ভেঙে ফেলেছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আলফাডাঙ্গা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার হেলেঞ্চা বাজার থেকে গোপালপুর বাজার পর্যন্ত সাত কিলোমিটার সড়কে কার্পেটিংয়ের কাজ করার জন্য এলজিইডি চলতি বছর দরপত্র আহ্বান করে। কাজ পান ঠিকাদার আজমল হোসেন খান। তিনি অক্টোবরের মাঝামাঝি সময় থেকে বিদ্যালয়ের মাঠ দখল করে নির্মাণসামগ্রী রেখেছেন।
হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমেনা খাতুন জানান, ঠিকাদার বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রাখার জন্য অনুমতি নেননি। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি।
হেলেঞ্চা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুজিৎ কুমার মজুমদার বলেন, ‘বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রাখার জন্য ঠিকাদার অনুমতি চেয়েছিলেন। কিন্তু আমরা অনুমতি দিইনি।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আসলাম বলেন, ‘আমি দুবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওখানে লেখাপড়ার কোনো পরিবেশ নেই। ’
ইউএনও আবুল খায়ের বলেন, ‘ঠিকাদারকে আমি বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রাখতে নিষেধ করেছিলাম।’ ঠিকাদার আজমল হোসেন খান বলেন, ‘এলাকায় অন্য কোনো মাঠ না থাকায় বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। সড়কের কাজের জন্যই সীমানাপ্রাচীর ভাঙা হয়েছে। আমরা আবার সীমানাপ্রাচীর নির্মাণ করে দেব।’