বিদ্যালয়ের মাঠে পর্যটকদের গাড়ি, পড়াশোনায় বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে পর্যটকদের গাড়ি পার্কিং করা হচ্ছে। স্থানীয় কয়েকজন তরুণ গাড়িগুলো থেকে টোল আদায় করছেন এবং পর্যটকদের কাছে মাদক বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখায়, উচ্চ শব্দে মাইক বাজানোয় এবং মাঠেই রান্নাবান্নার কারণে বিদ্যালয় দুটিতে পাঠদানে বিঘ্ন ঘটছে। এমনকি শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা পর্যন্ত করতে পারছে না।১৩ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় দুটির প্রধান ফটকের সামনের মাঠে পর্যটকবাহী ৮-১০টি গাড়ি দাঁড়িয়ে আছে। এ সময় দুজন পর্যটককে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা গেল। এখানে গাড়ি থেকে নেমে পর্যটকেরা তিন কিলোমিটার দূরে টেকনাফ সমুদ্রসৈকতে ঘুরতে যান। কেউ কেউ সেন্ট মার্টিনও যাচ্ছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফিকদা হোসেন, আলিমা খানম, নূর জাহান এবং উচ্চবিদ্যালয়ের রুমি পাল ও জোহুরা বেগম জানায়, টিফিনের সময় প্রধান ফটকের সামনের দোকানে নাশতা করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়। ক্লাস চলাকালে পর্যটকেরা বিদ্যালয় চত্বরে ঢুকে পড়েন। উচ্চ শব্দে মাইক বাজানো ও হই-হল্লার কারণে লেখাপড়ায় ব্যাঘাত ঘটে। শিক্ষার্থীরা আরও জানায়, ওই স্থানে রান্না করায় ধোঁয়া শ্রেণীকক্ষে ঢুকে পড়ছে। কয়েকজন অভিভাবক বলেন, বিদ্যালয় চলাকালে এখানে গাড়ি পার্কিং করায় স্কুলগামী ছেলেমেয়েদের নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকতে হয়। স্কুলের ফটকে প্রকাশ্যে মাদক বেচাকেনা করলেও স্থানীয় প্রশাসন কী করছে? কুমিল্লা ও ফেনীর সোনাগাজী থেকে আসা পর্যটকবাহী বাসের চালক মফিজুর রহমান ও রহিম উল্লাহ বলেন, এখানে গাড়ি পার্কিং করার জন্য মো. সালাম, মো. হোসেন ও নূর হোসেন গাড়িপ্রতি ৩০০ টাকা টোল নেন। কিন্তু রসিদ দেন ১০০ টাকার। টোল আদায়কালে সালাম, হোসেন ও নূর হোসেন বলেন, আমরা কোনো টোল আদায় করছি না। পর্যটকবাহী গাড়ির ফেলে যাওয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য কিছু টাকা নেওয়া হচ্ছে। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম কামাল আহমদ বলেন, ছোট ছোট ছাত্রছাত্রীরা স্কুলে আসা-যাওয়ার সময় বিভিন্ন ধরনের যানবাহন প্রধান ফটকের সামনে এসে দাঁড়ালে ভয় পেয়ে অনেক সময় কান্নাকাটি করে।টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বলেন, ‘কিছু লোক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়ানো গাড়ি থেকে টাকা আদায় করছে বলে শুনেছি। স্থানীয় প্রশাসন চাইলে গাড়ি পার্কিং বন্ধ করতে পারে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। টোল আদায় ও মাদকদ্রব্য বেচাকেনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে।’