বিদ্যালয়ের মাঠে পশুর হাট

মাঠের দক্ষিণে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, পূর্বে আলীনগর স্কুল অ্যান্ড কলেজ ও লিটল-ফ্লাওয়ার কিন্ডারগার্টেন, উত্তরে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমে সড়ক পার হয়ে মসজিদ। ঈদ উপলক্ষে মঙ্গল ও শুক্রবার ওই মাঠে পশুর হাট বসানো হচ্ছে।
ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মোস্তফানগর (মৌটুপী) গ্রামে ওই মাঠের পাশে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে রয়েছে ঈদগাহ। সেটি রক্ষণাবেক্ষণের খরচ ওঠাতে ঈদগাহ কর্তৃপক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পশুর হাট বসিয়ে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরসহ বিদ্যালয় মাঠের পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ উঠেছে।
জাদুঘরের দর্শনার্থী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকার তরুণদের অভিযোগ, সপ্তাহে দুদিন হাট বসালেও পশুর বর্জ্য পরিষ্কার না করায় সপ্তাহজুড়েই লোকজনকে ভোগান্তি পোহাতে হয়। শিশুরাও খেলাধুলা করতে পারে না। অবিলম্বে এই পশুর হাট বন্ধ করার দাবি জানিয়েছেন তাঁরা। ভোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এমন আরও ৪৩টি স্থানে পশুর হাট বসানো হয়েছে।
গত মঙ্গল ও শুক্রবার গ্রন্থাগার ও জাদুঘর এলাকায় গিয়ে দেখা গেছে, পশু বিক্রেতারা মাঠ, জাদুঘরের লোহার গ্রিলে গরু-ছাগল বেঁধে রেখেছেন। ক্রেতা-বিক্রেতারা জাদুঘরের বারান্দায়, ফুলবাগানের নিচে বিশ্রাম নিচ্ছেন। পাশাপাশি ফেরিওয়ালারা সেখানে বেচাকেনা করছেন। যত্রতত্র আবর্জনা ফেলা হচ্ছে। পশুর বর্জ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকায়।
ভোলা জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, স্কুল-কলেজের মাঠে পশুর হাট বসানোর কোনো বৈধতা নেই। তবুও স্থানীয় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি জোর করে পশুর হাট বসাচ্ছে। এগুলো উৎখাতের জন্য প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ দরকার।
আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ কবীর বলেন, ‘শিশুদের খেলাধুলার পরিবেশ নষ্ট করে স্থানীয় লোকজন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ঈদগাহ রক্ষণাবেক্ষণের নামে ঈদগাহের সভাপতি স্থানীয় ব্যক্তিদের নিয়ে পশুর হাট বসাচ্ছেন। তাঁরা কখনোই আমার কাছে হাট বসানোর অনুমতি নেননি।’
ঈদগাহের সভাপতি সরদার মো. লোকমান বলেন, ‘আইনের বিষয়টি আমরা জানি না। স্কুলের পরিবেশ কিছুটা বিঘ্নিত হলেও ঈদগাহ রক্ষার্থে ইউনিয়নের চেয়ারম্যানের অনুমতি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধারা এ হাট বসাচ্ছেন।’
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ বলেন, ‘মাঠে পশুর হাট বসানোর বিষয়ে আমি কিছুই জানি না। একটি পক্ষ নিজেদের স্বার্থে হাট বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে।’
জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে পশুর হাট বন্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’