বিদ্যালয়ের মাঠে পানি তুলে মাছ চাষ
মাছ চাষের জন্য বিদ্যালয়ের মাঠ ইজারা দেওয়ায় খুলনার দাকোপ উপজেলার গড়খালি পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ ছাড়া খেলাধুলার সব সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে তারা।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩৩ সালে উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের অজপাঁড়াগায়ে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ১৯৭৪ সালে এলাকার দরিদ্র অতুল চন্দ্র মণ্ডলের দেওয়া ৫০ শতাংশ জমিতে স্থানান্তরিত হয়ে বর্তমান অবস্থানে আসে। ২০০০ সাল থেকেই বিদ্যালয়ের মাঠে পানি তুলে মাছ চাষ করা হচ্ছে। তিন বছর ধরে জমিদাতার ছেলে অখিল চন্দ্র প্রধান শিক্ষকের কাছ থেকে বছরে আড়াই হাজার টাকা ভাড়া দিয়ে মাঠে লবণ পানি তুলে মাছ চাষ করছেন।সোমবার সরেজমিন যাওয়ার সময় রাস্তা থেকে দেখা যায়, একটা দ্বীপের মধ্যে আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় ভবনের সামনে পতাকা উড়ছে। ভেতরে কয়েকজন ছেলেমেয়ে দৌড়াদৌড়ি করছে। আর কয়েকজন পরনের কাপড় উঁচু করে বুকে বইখাতা চেপে ধরে আস্তে আস্তে বিদ্যালয়ের দিকে এগোচ্ছে। বেলা ১১টায় তাদের সঙ্গে বিদ্যালয়ে পৌঁছে দেখা গেল, প্রধান শিক্ষক আবদুর রশীদ মোড়ল একটি শ্রেণীকক্ষে শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের একাই পড়াচ্ছেন। মাঝেমধ্যে গোলমাল থামাতে তাড়া করছেন। অন্য একটি কক্ষে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বসে হইচই করছে।প্রধান শিক্ষক আবদুর রশীদ মোড়লের কাছে মাঠে মাছ চাষের কারণ জানতে চাইলে বলেন, ‘আগে থেকেই চলছে। তিন বছর ধরে অখিল আমাকে বছরে গড়ে আড়াই হাজার করে টাকা হারি দেয়।’ বাচ্চাদের খেলার মাঠ বন্ধ করে মাছ চাষের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মাঠ ভরাট করলে এ সমস্যা থাকবে না। মাঠের জমির সামনে অন্যের জমি থাকায় তাঁরা পানি তুলে মাছ চাষ করেন।অভিভাবক স্বপন মণ্ডল বলেন, ‘মাঠে ছেলেমেয়েদের খেলাধুলা করার কথা। কিন্তু আজ সেখানে লিজ দিয়ে মাছ চাষ হচ্ছে। তিন মাস্টারের মধ্যে একজনই সব সময় পড়ায়। আশপাশে আর স্কুল না থাকায় আমরা বাধ্য হয়ে এখানে বাচ্চা পড়াচ্ছি।’ পঞ্চম শ্রেণীর ছাত্রী আশা খাতুন বলে, ‘স্কুলির ওই ছোট্ট রাস্তায় সব সময় পানি থাকায় আমাগে খুব ভয় করে, কখন পড়ে ভিজে যাই। অনেক কষ্ট করে আসতি হয়।’ চতুর্থ শ্রেণীর আশরাফুল গাজী বলে, ‘মাঠে লিজ করেছে বলে আমরা খেলাধুলা কত্তি পারিনে।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের পাশে গেট দিয়ে সব সময় পানি ওঠায় এখানে পানি থাকে। মাঠ ইজারার বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।দাকোপ উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মতিয়ার রহমান বলেন, বিষয়টি তিনি জানেন না। প্রধান শিক্ষক ও কমিটির সভাপতিকে ডেকে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন বলেন, বিষয়টি নিন্দনীয়।