বিদ্যালয়ের মাঠে পৌরসভার বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের হারাগাছ পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে বিদ্যালয় মাঠে। বিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তি সত্ত্বেও লোকালয় ও বাজারের পাশে পৌরসভা-সংলগ্ন ওই মাঠে বর্জ্য ফেলায় পরিবেশ হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
দরদী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম সরকার বলেন, ‘এই মাঠটি বিদ্যালয়ের সম্পত্তি। এ মাঠের আয়তন এক একর ১৬ শতাংশ। বিদ্যালয় থেকে মাঠটি এক কিলোমিটার দূরে হলেও এই মাঠেই ফুটবল, ক্রিকেটসহ নানা ধরনের খেলাধুলা হয়। অথচ আমাদের আপত্তি সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ এই মাঠে ময়লা-আবর্জনা ফেলছে। কয়েকবার ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে বললেও কোনো কাজ হচ্ছে না।’
মেয়র সাদাকাত হোসেন বলেন, হারাগাছে তেমন কোনো খোলা স্থান নেই, যেখানে বর্জ্য ফেলা যায়। তাই এই বিদ্যালয় মাঠটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় বর্জ্য ফেলা হচ্ছে। তবে অন্যত্র জায়গা পেলে শিগগিরই ময়লা-আবর্জনা সরিয়ে ফেলা হবে।
এলাকাবাসীর অনেকে জানান, কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে বিড়ির অনেক কারখানা রয়েছে। দরদী উচ্চবিদ্যালয় মাঠের একপাশে পৌরভবন অবস্থিত। পৌরসভা কর্তৃপক্ষ এক বছর ধরে ট্রাক ও ছোট ট্রলিতে করে ওই মাঠে বর্জ্য ফেলছে।
সম্প্রতি এক সকালে সরেজমিনে দেখা গেছে, পৌরসভার সামনের মাঠের একপাশে এসব বর্জ্য ফেলা হয়েছে। বর্জ্য ফেলার স্থান থেকে মাত্র ২০ থেকে ৩০ গজ দূরে দোতলা পৌরসভা ভবন। যেখানে ময়লা-আবর্জনা ফেলা হয়, এর এক পাশে রয়েছে এখানকার সবচেয়ে বড় হক বাজার। এই মাঠের চারদিকে রয়েছে লোকালয়।
স্থানীয় বাসিন্দাদের অনেকে অভিযোগ করেন, খেলাধুলার মাঠে পৌর কর্তৃপক্ষ এভাবে ময়লা-আবর্জনা ফেলতে পারে না। দুর্গন্ধে ঘরে থাকাও কষ্টকর হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে মাঠটি একসময় বেদখলও হয়ে যেতে পারে।
মাঠের পাশের হক বাজারের ব্যবসায়ী জালাল আহমেদ বলেন, ময়লা ফেলতে ফেলতে একসময় হয়তো মাঠটি আবর্জনায় ভরে যাবে।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজার রহমান বলেন, এটি একটি খেলারও মাঠ। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে অবশ্যই ভাবতে হবে।
কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে খুব শিগগির পৌরসভার মেয়রের সঙ্গে কথা বলব। এ বিষয়ে কিছু একটা করা প্রয়োজন।’