বিদ্যালয়ের মাঠে ফের গরুর হাট
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের মানিকচাঁদ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবারও গরুর হাট বসানো হচ্ছে।পাঁচ বছর ধরে বিদ্যালয়টির মাঠে গরুর হাট বসানোর ঘটনায় ২০১১ সালের ১২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘স্কুলের মাঠে পশুর হাট তাই আগে ছুটি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর হাটটি এখান থেকে অন্য জায়গায় সরানো হয়। কিন্তু গত মে মাস থেকে আবারও এটি বিদ্যালয়ের মাঠে নিয়ে আসা হয় বলে এলাকাবাসী জানান। স্থানীয় সূত্র জানায়, সপ্তাহের প্রতি বুধবার বেলা আড়াইটায় ওই বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসে। এতে একদিকে যেমন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, অন্যদিকে গবাদিপশুর মল-মূত্রের গন্ধে বিদ্যালয়ের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, হাটের দিন বুধবার নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়া হয়।প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, কাগজপত্র অনুসারে বিদ্যালয়ের মাঠসংলগ্ন কিছু জায়গা হাটের নামে রয়েছে। এ কারণে ওই জায়গায় হাট বসানো হচ্ছে। তবে কোনো কোনো সময় মাঠের মধ্যেও হাট চলে আসে। হাটের কারণে বুধবার আড়াইটার মধ্যে বিদ্যালয় ছুটি দেওয়া হয়—এ অভিযোগ সঠিক নয়। গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ‘বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসানোর বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’