বিদ্যালয়ের মাঠে বাঁশের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডানে ও বাঁয়ে সব জায়গায় বাঁশ। ট্রাকে বাঁশ ওঠানো ও ট্রাক থেকে বাঁশ নামানো হচ্ছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে চলছে এসব কাজ। এ মাঠে বসানো হয়েছে বাঁশের বাজার। মাঠ দিয়ে শিক্ষার্থীরা চলাচল করে। স্তূপ ভেঙে কখন বাঁশ মাথায় পড়ে—এ আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থীদের। এই শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম ‘রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ’। ২০০৪ সালের ৮ জুন রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের পাশে শালবাগান এলাকায় এ প্রতিষ্ঠানের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শিক্ষা বোর্ডের একটি প্রকল্পের মাধ্যমে সাত কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। গত বছর এ প্রতিষ্ঠানের কলেজ শাখায় ৫০ এবং চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক শাখায় এক হাজার ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এ প্রতিষ্ঠানের মাঠের একাংশে রয়েছে বাঁশের বাজার। এখানে ট্রাকে করে বাঁশ এনে নামানো হচ্ছে। সেই বাঁশ ট্রাক থেকে নামিয়ে মাঠে স্তূপ করে সাজিয়ে রাখা হয়। এরই মধ্যে কলেজ শাখা থেকে শিশু শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে। গত ২৬ জুলাই সরেজমিনে দেখা যায়, দুটি ট্রাক থেকে মাঠে বাঁশ নামানো হচ্ছে। এরই মধ্যে বিদ্যালয় শাখার শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীরা বের হওয়ার আর পথ পাচ্ছে না। ট্রাক থেকে যেভাবে বাঁশ নামানো হচ্ছে তাতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোনোভাবে একটা বাঁশ ট্রাকের ওপর থেকে কারও মাথায় পড়লেই আর রক্ষা নেই। এরই ভেতর দিয়ে সবাই ভয়ে ভয়ে বের হচ্ছে। শিক্ষার্থী অভিভাবক মনিরা রহমান বলেন, মডেল স্কুলের মডেল যদি বাঁশের বাজার হয়, তাহলে কী করে চলে। এখানে বাচ্চা পাঠিয়ে সব সময় টেনশনে থাকতে হয়। বাঁশ ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, ‘তাঁরাও চান না যে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে তাঁরা বাঁশের ব্যবসা করেন। তাঁদেরও ছেলেমেয়ে আছে।’ আবদুল মান্নান আরও জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে বাঁশের বাজারের জন্য আলাদা জায়গা দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, বাঁশের বাজারটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিমালিকানাধীন জমিতে গড়ে তোলা হয়েছে। বিদ্যালয়ের মাঠে ছয়জন ও ব্যক্তিমালিকানাধীন জমিতে বাকি ছয় ব্যবসায়ীর দোকান। ছয়জন ব্যবসায়ী এখান থেকে চলে গেলে বাঁশের বাজারের অর্ধেক থেকে যাবে। পুরো বাজার এখান থেকে না ওঠাতে পারলে নতুন জায়গায় গিয়ে তাঁরা ক্রেতা পাবেন না। এতে তাঁরা ভীষণ ক্ষতিগ্রস্ত হবেন। রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন বলেন, গত ৩০ জুনের মধ্যে বিদ্যালয়ের জায়গাটি ছেড়ে বাঁশ ব্যবসায়ীদের নতুন জায়গায় চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তাঁরা যাননি। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানভিরুল আলম বলেন, তাঁরা বিভিন্নভাবে এই বাঁশের বাজারটা সরানোর চেষ্টা করছেন।