বিদ্যালয়ের মাঠে বিএনপি নেতার অবৈধ করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলার চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে করাতকল চালানো হচ্ছে। প্রায় দুই যুগ ধরে এটি চালাচ্ছেন উপজেলার জোড়গাছা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শাহীনুর রহমান।করাতকলের ইঞ্জিনের শব্দে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া করাতকল থেকে উড়ে আসা কাঠের গুঁড়া শিক্ষক ও শিক্ষার্থীদের নাক ও চোখে যাচ্ছে। এটি বন্ধের জন্য আট বছর আগে পরিবেশ অধিদপ্তর থেকে কয়েক দফা নোটিশ পাঠানো হলেও ওই বিএনপি নেতা তা আমলে নেননি।পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক আলী রেজা মজিদ বলেন, নথিপত্র দেখে মনে হচ্ছে, আট বছর ধরে করাতকলের বিষয়টি চাপা পড়ে আছে। সরেজমিন তদন্ত করে এটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, বিদ্যালয়টি সোনাতলা-গাবতলী সড়কের পাশে। এর সামনে ১৯৮৯ সালে করাতকল স্থাপন করা হয়েছে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রোমেনা আখতার ও আল আমীন জানায়, করাতকলের শব্দের কারণে ক্লাসে স্যাররা যা বলেন তা শোনা যায় না। বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর অনেকক্ষণ কানে কিছু শোনা যায় না। পঞ্চম শ্রেণীর বিকাশ চন্দ্র বলে, ‘শব্দে প্রচণ্ড মাথাব্যথা হয়। লাগাতার শব্দের কারণে কানে কম শুনতে পাই।’সহকারী শিক্ষিকা রাবেয়া খাতুন জানান, বিকট শব্দের কারণে মাথাব্যথা হয়। শব্দদূষণের কারণে এ বিদ্যালয়ে কোনো শিক্ষক থাকতে চান না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল বাকী জানান, বিদ্যালয়ের জায়গা দখল করে করাতকলটি স্থাপন করা হয়েছে। বিদ্যালয়ের মাঠে রাখা হচ্ছে কাঠের গুঁড়া। করাতকলটি বন্ধের নির্দেশ দিয়ে প্রশাসন থেকে দফায় দফায় চিঠি দেওয়া হলেও মালিক প্রভাবশালী হওয়ায় তিনি সবকিছুই অগ্রাহ্য করছেন।বিদ্যালয় সূত্রে জানা গেছে, করাতকলটি বন্ধের জন্য ২০০৪ সালের ১৭ জানুয়ারি এবং ৩১ মার্চ বিএনপির ওই নেতাকে চিঠি দেওয়া হয়। ওই বছরের ২১ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিঠি দিয়ে করাতকল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু তার পরও তিনি অবৈধভাবে এটি চালাচ্ছেন।বিএনপি নেতা শাহীনুর রহমান অবৈধভাবে করাতকল চালানোর কথা স্বীকার করেছেন। তিনি জানান, করাতকল বন্ধে আপাতত কোনো কিছুই করার নেই। তিনি দাবি করেন, করাতকলের জায়গাটি তাঁর বাপ-দাদারা বিদ্যালয়কে মৌখিকভাবে দান করেছিলেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এম সারোওয়ার জাহান জানান, বিদ্যালয়ের মাঠে অবৈধ করাতকলের কারণে শব্দদূষণের বিষয়টি উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। ইউএনওকেও বিষয়টি জানানো হয়েছে। ইউএনও উত্তম কুমার মণ্ডল জানান, বিদ্যালয়ের মাঠে অবৈধ কোনো করাতকল চালাতে দেওয়া হবে না। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এর কার্যক্রম বন্ধ করা হবে।