বিদ্যালয়ের মাঠে মরিচের হাট বসানোর তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার হাজীপুর উচ্চবিদ্যালয়ের মাঠে মরিচের হাট বসানোর ঘটনায় তদন্ত চলছে। গত সোমবার বিকেলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ তদন্ত কমিটি গঠন করেন।

গত রোববার প্রথম আলোয় ‘বিদ্যালয়ের মাঠে মরিচের হাট’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এ পরিপ্রেক্ষিতে পরদিন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. শফিকুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। কমিটির একজন সদস্য বলেন তদন্ত চলছে।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে জানায়, দুপুর ১২টা থেকে হাটে ক্রেতা-বিক্রেতা আসতে শুরু করেন। এ কারণে বেলা ১টার মধ্যে বিদ্যালয় ছুটি হয়ে যায়। এভাবে কয়েক বছর ধরে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতি ও সোমবার ছাড়া সপ্তাহে পাঁচ দিন হাট বসে। পাঁচ বছর ধরে বিদ্যালয়ের মাঠে এ হাট বসছে। মরিচের হাট প্রতিবছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে।

জানতে চাইলে প্রধান শিক্ষক সাজেদুল হক বলেন, এ এলাকায় হাটের জন্য জায়গা না থাকায় স্থানীয় ব্যবসায়ী মহলের দাবিতে হাট বসানোর অনুমতি দেওয়া হয়। হাট ইজারার কিছু টাকা বিদ্যালয়ের উন্নয়ন খাতে খরচ করা হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।